নিজের ওপর বিরক্ত স্টোকস ক্ষমা চেয়েছেন সতীর্থদের কাছে
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সতীর্থদের বাজে ফিল্ডিংয়ের কারণে মেজাজ হারিয়ে ফেলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস।
অধিনায়ক হিসেবে মাঠে আবেগের বহিঃপ্রকাশ খুব একটা দেখান না বেন স্টোকস। তবে মুলতানে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সতীর্থদের বাজে ফিল্ডিংয়ের কারণে কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তার শরীরী ভাষায় ফুটে ওঠে ক্ষোভের প্রকাশ। এজন্য দিনের খেলা শেষে রাতেই সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানালেন স্টোকস। সামনের পথচলায় এমনটা আর হবে না বলেও প্রতিশ্রুতি দিলেন তিনি।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর মাঠে ফেরেন স্টোকস। ম্যাচের তৃতীয় দিন শেষ সেশনে রিভার্স সুইংয়ের প্রদর্শনীতে দারুণ বোলিং করছিলেন ব্রাইডন কার্স। সিরিজে তৃতীয়বার তিনি ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে। দুই ওভার পর তিনি পেতে পারতেন সালমান আলি আগার উইকেটও। কিন্তু তার তিন বলের মধ্যে দুবার বেঁচে যান এই ব্যাটসম্যান। প্রথমে সহজ ক্যাচ ফেলেন কিপার জেমি স্মিথ, পরে স্লিপে ক্যাচ নিতে ব্যর্থ হন জো রুট।
কার্সের পরের ওভারে প্রয়োজনীয় একটি সিঙ্গেল দেন জ্যাক লিচ। তখন ক্ষোভে গর্জন করে ওঠেন স্টোকস। ওই পরিস্থিতিতে তার অমন আচরণ হয়তো বোধগম্য। তবে টেস্টে আড়াই বছরের অধিনায়কত্বে এমনটা আগে তাকে দেখা যায়নি।
৪ ও ৬ রানে যখন জীবন পান সালমান, পাকিস্তানের লিড ছিল তখন ১৯৯। সেখান থেকে সালমান খেলেন ৮৯ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংস। ইংল্যান্ডকে ২৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় পাকিস্তান।
স্পিন সহায়ক উইকেটে ওই লক্ষ্য তাড়ায় শুক্রবার চতুর্থ দিন ১৪৪ রানে গুটিয়ে গিয়ে ১৫২ রানে হেরে যায় ইংলিশরা, সিরিজে ফেরে সমতা। ম্যাচের পর স্কাই স্পোর্টসে আলাপচারিতায় আগের দিন নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করার কথা জানান স্টোকস।
“গত রাতে ছেলেদের কাছে আমি ক্ষমা চেয়েছি। আমার অধিনায়কত্বে এই প্রথম আমার আবেগ শরীরী ভাষায় প্রকাশ করেছি…এজন্য আমিই দায়ী, নিজের ওপর আমি খুব বিরক্ত।”
“এটি এমন কিছু যা আমি করতে চাই না বা আমাকে করতে দেখা যাবে না। কেউই ক্যাচ ফেলতে চায় না, কিন্তু এটি প্রমাণ করে যে এই উপমহাদেশের কন্ডিশনে ক্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ খুব বেশি আসে না। তাই আমি ছেলেদের কাছে ক্ষমা চেয়েছি এবং বলেছি, কাজটা আমি ভালো করিনি। এমন কিছু আর ঘটতে দেখবেন না।”
