Published : 31 Dec 2025, 05:24 PM
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বছর বয়সে গত সোমবার হারারেতে মারা গেছেন তার ছোট ভাই মুহাম্মাদ মাহদি।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
রক্তক্ষরণজনিত জন্মগত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্ম নিয়েছিলেন মাহদি। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এই কঠিন সময়ে রাজা ও তার পরিবারের পাশে থাকার কথা জানায় জিম্বাবুয়ে ক্রিকেট।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন রাজা। শারজাহ ওয়ারিয়র্জকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১০ ম্যাচের ৭টিতে হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছে তার দল।