মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে নিষিদ্ধ ফকনার
আন্তর্জাতিক ক্রিকেটে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন জেমস ফকনার। মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালানোর অপরাধে বাঁহাতি এই পেসারকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অ্যাশেজের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞার কারণে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না ফকনার।
টেস্ট সিরিজের পর একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
বর্তমানে ইংল্যান্ডের মাটিতে চলা পাঁচ টেস্টের অ্যাশেজের দলে নেই ফকনার। তবে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে এখন ইংল্যান্ডেই আছেন গত বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হওয়া এই ক্রিকেটার।
মদ্য পান করে রাতে গাড়ি চালানোর সময় ম্যানচেস্টার পুলিশ ফকনারকে আটক করে। ওই সময় তার রক্তে বৈধ মাত্রার চেয়ে প্রায় তিন গুণ বেশি অ্যালকোহল পাওয়া যায়। রাতটা পুলিশি হেফাজতে থাকার পর সকালে ছাড়া পান তিনি। আগামী ২১ জুলাই তাকে আদালতে হাজির হতে হবে।
ওই অবস্থায় গাড়ি চালানোর সময় একটা দুর্ঘটনাও ঘটান ফকনার। ওই সময় ফকনারের সঙ্গে ছিলেন তার তাসমানিয়া ক্লাব সতীর্থ টিম পেইন। তবে তারা কেউই বড় কোনো আঘাত পাননি।
