‘বিশ্বের যে কোনো জায়গায় ভালো করবে বাংলাদেশ’
মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, বাংলাদেশ শুধু দেশের মাটিতে বাঘ নয়। বিশ্বের যে কোনো জায়গায় সেরাটা খেলবে তার দল।
ওয়ানডেতে নিয়মিতই বড় দলগুলোকে হারাচ্ছে বাংলাদেশ। বিশ্বজুড়ে ক্রিকেট বোদ্ধাদের অনেকের তবু সংশয়, বাংলাদেশের এই সাফল্য কেবলই দেশে খেলার জন্য। ভারত সিরিজ জয়ের পরই ইংলিশ গ্রেট জিওফ বয়কট যেমন বলেছেন, দেশের বাইরের চ্যালেঞ্জ জিততে হবে বাংলাদেশকে। ভারত সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে একই সংশয় ভারতীয় সাংবাদিকদের কণ্ঠেও।
তবে উদাহরণ দিয়েই নিজের বিশ্বাসের কথা দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন মাশরাফি।
“দেখুন, দেশের বাইরে গেলে কমবেশি সব দলকেই সংগ্রাম করতে হয়। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশন কিন্তু আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু বিশ্বকাপে আমরা ভালো করেছি। ওই আত্মবিশ্বাস দলের সবার আছে। আমি মনে করি, এই দল বিশ্বের যে কোনো জায়গায় সেরাটা দিতে পারে। যে কোনো কন্ডিশনে সফল হতে পারে।”
