বাংলাদেশকে বিদেশের ‘চ্যালেঞ্জ’ নিতে বললেন বয়কট
ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর পর সুনিল গাভাস্কারও বলেছিলেন, বাংলাদেশ আর ক্রিকেটের ছোট দল নেই। তবে জেফ বয়কট মাশরাফিদের প্রশংসায় গাভাস্কারের মতো অতটা পঞ্চমুখ হচ্ছেন না; বরং বড় দল হতে হলে বাংলাদেশকে বিদেশের মাঠের চ্যালেঞ্জও জিততে হবে বলছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার।
নিজেদের মাঠে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ ৩-০ ব্যবধানে জেতে মাশরাফির দল। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিজেদের মাঠে টানা দশম জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়রথে থাকা বাংলাদেশের প্রশংসায় যখন সবাই পঞ্চমুখ, তখন বয়কট হেঁটেছেন উল্টো পথে। ইএসপিএন ক্রিকইনফোকে মঙ্গলবার বয়কট বলেন, “মাঝেমধ্যে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কাকে হারানোটা ক্রিকেট বিশ্বকে বার্তা দেয় না। দুঃখিত, বাংলাদেশ নিয়ে তোমাদের উচ্ছ্বাস আমি চাপা দিতে চাই না কিন্তু বাংলাদেশের প্রায় সব ভালো পারফরম্যান্সই নিজেদের মাঠে।”
“যতক্ষণ আপনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউ জিল্যান্ডে যাচ্ছেন এবং তাদেরকে তাদের মাঠে হারাচ্ছেন, ততক্ষণ ক্রিকেট বিশ্ব (দেশের মাঠের সাফল্য দেখে) চমকাবে না”, যোগ করেন ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার।
বিদেশের মাঠেও যে ওয়ানডেতে বাংলাদেশ বড়দের বধ করেনি, তা নয়। অস্ট্রেলিয়াকে কার্ডিফের ওয়ানডেতে হারানোর তৃপ্তি আছে বাংলাদেশের। সবশেষ বয়কটের উত্তরসূরিদের অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিশ্বকাপেও হারায় মাশরাফি-মাহমুদউল্লাহরা।
বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশকে অবশ্য প্রশংসা করতে কার্পণ্য করেননি বয়কট। অ্যাডিলেইডের ওই ম্যাচের বাংলাদেশকে ‘দুর্দান্ত’ উল্লেখ করে তিনি বলেন, “মানছি, বিশ্বকাপে ইংল্যান্ডকে অ্যাডিলেইডে হারানোটা ছিল তাদের ভীষণ ভালো পারফরম্যান্সের একটি। আমি সেখানে ছিলাম; বাংলাদেশ ছিল দুর্দান্ত। আমি তাদের ক্রিকেট উপভোগ করেছিলাম এবং আমার দেখা তাদের সেরা পারফরম্যান্স ছিল এটা।”
বড় দল হতে হলে ওয়ানডের মতো টেস্টে ভালো করার পরামর্শও দিয়েছেন বয়কট, “ওয়ানডেতে মাঝে মধ্যে পাওয়া সাফল্য বাংলাদেশের আঁকড়ে ধরে পড়ে থাকলে হবে না। তাদের বিদেশে যাওয়া এবং টেস্টে বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়া শুরু করা দরকার।”
অবশ্য বাংলাদেশকে এখন আর একেবারে ছোট দলের পর্যায়ে রাখছেন না বয়কট। তবে মাশরাফিদের প্রশংসা করতে গিয়ে সহজাতভাবে একটা খোঁচাও দিয়েছেন ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার, “তারা (বাংলাদেশ) এখন আর ছোট দল নেই; তারা একটা-দুটো ভালো পারফরম্যান্স করেছে কিন্তু আমি মনে করি, এটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে।”
