২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের ভাবনা ছিল না মাশরাফির

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ভীষণ খুশি মাশরাফি বিন মুর্তজা। অনেকে মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের প্রতিশোধ হিসেবে দেখছেন এই জয়কে। তবে তাদের সঙ্গে দ্বিমত রয়েছে বাংলাদেশের অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:15 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমি মনে করি, খেলার ভেতরে প্রতিশোধ থাকা ঠিক নয়। আমরা সবাই মানুষ। আমাদের পরিবার আছে। সবাই আমরা ক্রিকেট খেলি। এখানে প্রতিশোধের প্রশ্ন আসেই না।”

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তার পরে এই প্রথম ওয়ানডেতে খেলে দুই দল।

“আমি যেটা মনে করি, আমরা মাঠে অবশ্যই জেতার জন্য লড়াই করি। এতটুকুর ভেতরই থাকতে চাই। যখন মাঠে ম্যাচ খেলবেন তখন অনেক কিছু হতে পারে। আমাদের সবাই কিন্তু ম্যাচ শেষে হোটেলে একসঙ্গেই যাই; হোটেলে গিয়ে একসঙ্গে আড্ডা দেই।”