২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে খুশি সারা দেশ: মাশরাফি

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিতে উড়ছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এই জয়ে শুধু ক্রিকেটাররাই নন, দেশের সব মানুষই খুশি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 02:43 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, সতীর্থদের নির্ভয় ক্রিকেটে দারুণ খুশি তিনি।

“শুধু আমি না, ছেলেরা, দেশের সব মানুষ খুশি।”

ভারতের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ জয়ের পর ব্যাটসম্যানদের প্রশংসা করেন অধিনায়ক।

“পাকিস্তান সিরিজ থেকে আমাদের ব্যাটিং দুর্দান্ত রকমের ভালো করছে। পাকিস্তানের বিপক্ষে আমরা ৪০ ওভারে আড়াইশ’ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিলাম। আজ আবার উদ্বোধনী ব্যাটসম্যানরা আমাদের ভিত গড়ে দিয়েছিল। বৃষ্টির পর আমরা কয়েকটি উইকেট হারাই।”

“আবার সাকিব আর সাব্বির খেলাটা আমাদের দিকে নিয়ে আসে। ছেলেরা যেভাবে খেলছে তাতে আমি খুব খুশি। ওরা যেভাবে খেলছে, আমার মনে হয় এটা নির্ভয় ক্রিকেট; এতে আমি খুশি”, যোগ করেন মাশরাফি।

বোলারদের পারফরম্যান্সেও খুশি মাশরাফি। প্রথম ১০ ওভারে প্রতিপক্ষের রানের গতি বেশি হলেও কখনও আস্থা হারাননি দেশসেরা এই পেসার।

“আমাদের বোলাররা সচেতন ছিল। আমাদের পরিকল্পনা ছিল শেষ বল পর্যন্ত আমরা আক্রমণ করব। প্রথম ম্যাচে আমরা মোটামুটি সফল। আমি চেয়েছি, শেষ বল পর্যন্ত লড়াই করতে; ছেলেরা ওই সময় খুব চেষ্টা করছিল। হয়তো বা ২-১ ক্যাচ হাতছাড়া হয়ে গেছে। ১-২ উইকেট যখন পড়া শুরু করেছে তখনই আমরা ম্যাচে ঢুকে গেছি।”