টেস্ট দলেও জায়গা হারালেন আজমল
শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের টেস্ট দলে জায়গা পাননি সাইদ আজমল। বাংলাদেশ সফরের পর জায়গা হারিয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে দলেও। অ্যাকশন শুধরে ধার হারিয়ে ফেলা এই অফ স্পিনারের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন তাই হুমকির মুখে।
বাংলাদেশ সফরে টেস্টে সুযোগ না পাওয়া ওপেনার আহমেদ শেহজাদ ফিরেছেন দলে। ১৫ সদস্যের দলে ফিরেছেন আরেক ওপেনার শান মাসুদ ও পেসার এহসান আদিলও।
সবশেষ বাংলাদেশ সফরে আসা টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, সামি আসলাম ও বিলাওয়াল ভাট্টি। চোটের কারণে ফেরা হয়নি সোহেব মাকসুদ, রাহাত আলি ও সোহেল খানের। যথারীতি নেতৃত্ব দেবেন গত ২৮ মে ৪২ বছরে পা দেওয়া মিসবাহ-উল-হক।
১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার তিন টেস্টের সিরিজ।
পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলি (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, ইউনুস খান, আসাদ শফিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, ইমরান খান, এহসান আদিল।
