২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের নাটকীয় জয়

এক ওভারের ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলে দারুণ এক জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 12:02 AM

Updated : 12 Oct 2022, 03:40 PM

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৮ রান করে স্বাগতিকরা। জবাবে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
 
চেন্নাইকে উড়ন্ত সূচনা দিলেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ব্রেন্ডন ম্যাককালাম। ১১ বলে ২৩ রান করে নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান আউট হয়ে গেলে চেন্নাইয়ের রানের গতি কমে যায়। তবে শেষ দিকে ১৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ রান করে দলের ইনিংস দেড়শ পার করান পাবান নেগি।     
 
চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ৩২ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা মারেন তিনি।
 

জবাবে মুম্বাইয়ের শুরুটা হয় দারুণ, লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেল ৬১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। কিন্তু এরপরই ছন্দপতন হয় তাদের, দুই ওভারের মধ্যে ৮৪/০ থেকে তাদের স্কোর দাঁড়ায় ৮৬/৩। ৪৫ রান করে আউট হন প্যাটেল, ৩২ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি। আর ৩১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেন সিমন্স। দ্রুত তিন উইকেট হারালেও আম্বাতি রাইডুর ব্যাটে লড়াইয়ে থাকে মুম্বাই। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৩০ রান। ১৯তম ওভারের প্রথম চার বলে হার্দিক পান্ডিয়ার ৩ ছক্কা আর শেষ বলে রাইডুর এক ছক্কায় জয়ের কাছে চলে যায় দলটি। বাকি কাজ সহজেই সারেন তারা।  ১৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন রাইডু। আরেক অপরাজিত ব্যাটসম্যান পান্ডিয়া ৮ বলে ২১ রান করতে ৩টি ছক্কা মারেন।  ১৭ রানে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন।