নিজের বোলিং নিয়ে হতাশ সাকিব
কয়েক বছর ধরেই বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন। সিরিজে মাত্র দুই উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার তাই নিজের বোলিং নিয়ে হতাশ।
খুলনা টেস্টে এক ইনিংসে বোলিং করার সুযোগ পান সাকিব। ১৪৬ রান দিয়ে একটি উইকেট নেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই অলরাউন্ডার।
ঢাকায় দ্বিতীয় টেস্টেও ভালো করতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে ১৩৬ রানে এক উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি স্পিনার।
শুক্রবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার বোলিং দল ও ব্যক্তিগতভাবে তার নিজের জন্য হতাশাজনক।
“আমি মনে করি, দল আমার বোলিংয়ের জন্য অনেক ভুগছে। বিশেষ করে বোলিংয়ে সব সময় আমার উপর একটা দায়িত্ব থাকে।”
সাকিব জানান বল কম করা বা আত্মবিশ্বাসের ঘাটতি টেস্ট সিরিজে তার বোলিংকে প্রভাবিত করতে পারে। তার বিশ্বাস, কিছু উইকেট পেলে আত্মবিশ্বাস ফিরে পাবেন, একই সঙ্গে বোলিংয়েও দলে অবদান রাখতে পারবেন।
“তিন ইনিংসই বোধহয় এমন হল, যেখানে দলের প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি। হয়তো নতুন কাউকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আমি তো অবশ্যই সব সময় চেষ্টা করব আমার সেরা পারফরম্যান্স করার।”
৩৯তম টেস্টে খেলা সাকিব মনে করেন, প্রথম শ্রেণির ম্যাচ কম খেলার কোনো প্রভাব তার বোলিংয়ে পড়েনি।
“আমি জানি না, (টেস্ট ছাড়া) প্রথম শ্রেণির ম্যাচে কয়বার (পাঁচবার) পাঁচ উইকেট পেয়েছি। বিভাগের দলের হয়ে খেলার সময় খুব একটা বোলিং করিও না।”
টেস্টে এ পর্যন্ত ১৪বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। ম্যাচে একবার ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও আছে তার।
