২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে পূর্বাঞ্চল

আবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরের ফাইনালে পৌঁছেছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের বিপক্ষে তাদের ৯৮ রানের দারুণ জয়ে বড় অবদান রয়েছে আরাফাত সানিরও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৮ রান করে পূর্বাঞ্চল।

নাজমুল মিলনের ৩৯ এবং লিটন দাস ও ইরফান শুক্কুরের ২২ রানের দুটি ইনিংসের পরও চাপেই ছিল পূর্বাঞ্চল। ১৩৪ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারানো দলটি লড়াইয়ের পুঁজি গড়ে হাসান ও আরাফাতের দৃঢ়তায়।

অষ্টম উইকেটে ৭৬ রানের জুটি গড়েন হাসান ও আরাফাত। ম্যাচের একমাত্র অর্ধশতক পাওয়া হাসান ফিরেন ৫১ রান করে। তার ৫৩ বলের ইনিংসটি গড়া ৩টি চার ও ১টি ছক্কায়। আরাফাত অপরাজিত থাকেন ২৭ রানে।

মধ্যাঞ্চলের তাসকিন ৪৫ রানে নেন ৩ উইকেট। এছাড়া ইলিয়াস সানি ও শুভাগত হোম চৌধুরী দুটি করে উইকেট নেন।

জবাবে হাসান ও আরাফাতের মারাত্মক বোলিংয়ে ৩৭ ওভার ৩ বলে ১২০ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল।

সর্বোচ্চ ১৯ রান করেন ধীমান ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে মোশাররফ হোসেনের ব্যাট থেকে।

১১ রানে ৪ উইকেট নিয়ে আরাফাত পূর্বাঞ্চলের সফলতম বোলার। ২১ রানে ৩ উইকেট নেন পেসার ম্যাচ সেরা হাসান। মধ্যাঞ্চলের প্রথম চার ব্যাটসম্যানের তিন জনকেই ফেরান তিনি।