২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে অধিনায়ক মুশফিকই, ওয়ানডে টি-টোয়েন্টিতে মাশরাফি

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কত্বে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  টেস্টে মুশফিকুর রহিম এবং ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

রোববার বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান জানান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ‘স্লো ওভার রেট’ –এর শাস্তি হিসেবে মাশরাফি ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ করায় পাকিস্তানের বিপক্ষে ১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে তার দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাশরাফিই অধিনায়ক থাকছেন। সিরিজের সবকটি খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

২৪ এপ্রিল মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও অধিনায়ক করা হয়েছে মাশরাফিকে। এ ম্যাচে সহ-অধিনায়ক সাকিব।

খুলনায় ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে মুশফিকের ‘ডেপুটি’ হিসেবে রাখা হয়েছে তামিম ইকবালকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।

সিরিজগুলোয় দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

এরই মধ্যে বাংলাদেশ সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। তিন ফরম্যাটে বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি।