২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ক্ষতিপূরণের দাবি মানল বিসিবি

২০১২ সালে পাকিস্তানে দুটি সফর বাতিল করার ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পিসিবিকে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন।

প্রায় তিন মাস ধরে পাকিস্তানের বাংলাদেশ সফরের আর্থিক শর্ত নিয়ে দুই দেশের বোর্ডের পাল্টাপাল্টি অবস্থানের পর এই ঘোষণা দিলেন হাসান।

বিসিবি সভাপতি জানান, কোনো দেশে সফর করার প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে।

পাকিস্তানকে দেওয়া অর্থের পরিমাণটা এক লাখ থেকে তিন লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই ক্ষতিপূরণটা একবারে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান হাসান।

এতে দাবি-দাওয়ার বিষয়টির সমাপ্তি হবে বলে মনে করেন তিনি, "তাদের (পিসিবি) সঙ্গে আমাদের আর কোনো শর্ত নেই।"

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এ বছরের শুরু থেকেই দুই বোর্ডের মধ্যে বিতণ্ডার তৈরি হয়।

বাংলাদেশে আসার ক্ষেত্রে পিসিবি দুটি শর্ত দিয়েছিল। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল তারা। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে পিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দিয়েছিলেন হাসান।

এর প্রতিক্রিয়ায় পিসিবি জানিয়েছিল, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল; এবার বাংলাদেশের ফিরতি সফরে যাওয়ার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফরটা এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’। পাকিস্তানের এই হোম সিরিজের দাবিও মানতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি।

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলো আর সফর করছে না।

২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।

অবশেষে মার্চ মাসে পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে বাংলাদেশ সফর করার অনুমতি দেয়। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে তারা। সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে।

পুরনো খবর:

বাংলাদেশে পাকিস্তানের সফরসূচি চূড়ান্ত