‘ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না কামালের পদত্যাগ’
বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে আম্পায়ারদের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের জের ধরে আইসিসির সভাপতির পদ থেকে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের বিষয়টি দুই দেশের ক্রিকেট সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বাংলাদেশে পৌঁছে কামালের পদত্যাগ আর বাংলাদেশ-ভারতের ভবিষ্যৎ ক্রিকেট সম্পর্ক নিয়ে কথা বলেন নাজমুল হাসান।
কামালের পদত্যাগের বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে হাসান বলেন, ঘটনাটা না ঘটলেই ভালো হতো।
বাংলাদেশ-ভারত মেলবোর্নের কোয়ার্টার-ফাইনালে ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের পর আইসিসির কড়া সমালোচনা করেন কামাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলেরই নামান্তর বলে ক্ষোভ প্রকাশ করে তখন প্রয়োজনে পদত্যাগ করার কথাও জানান তিনি।
এই বক্তব্যের জন্য ফাইনালের আগে আইসিসির এক অনানুষ্ঠানিক সভায় কামালকে তোপের মুখে পড়তে হয়। আর কামালের বদলে ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।
এই ঘটনার জের ধরেই গত বুধবার দেশে ফিরে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কামাল। ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন, বিষয়টির জের ধরে দুই দেশের ক্রিকেট সম্পর্কে প্রভাব পড়তে পারে। বিসিবি সভাপতি সেই শঙ্কার কথা উড়িয়ে দেন।
“(ভারত-বাংলাদেশের সম্পর্ক ক্ষতি হওয়ার) কোনো কারণ আমি খুঁজে বের করতে পারছি না। …আমরা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ করছি না। আমরা আম্পায়ারিং নিয়ে কথা বলছি। প্রযুক্তি থাকার পরও কেন তা ব্যবহার করা হলো না, আমরা এর ওপর জোর দিয়েছি।”
