‘আমরা জিততে পারতাম’
কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে হারের পর তিন দিন পার হয়ে গেছে। এখনো সেই হারের দুঃখ ভুলতে পারেননি মাশরাফি বিন মুর্তজারা। বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, ‘সেই সময়’ উইকেট পেলে জিততে পারতো বাংলাদেশ।
প্রথমবারের মতো নকআউটে খেলার অভিজ্ঞতা নিয়ে রোববার দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “হেরে গেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক। মানুষ আশা করে বসে ছিল, ভালো ম্যাচ হবে; সেটাও হয়নি, এই জন্যও খারাপ লাগছে।”
জোরালো একটি এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান অর্ধশতক করা সুরেশ রায়না। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যান শতক করা রোহিত শর্মা। এই দুটি উইকেট পেলে বাংলাদেশ জিততে পারত কী না, এই প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দেন মাশরাফি।
“উত্তরটা আমি একটু ভিন্ন ভাবে দিতে চাই। আমার বিশ্বাস, যদি সে সময় উইকেট পেতাম, আমরা জিততে পারতাম।”
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নতুন করে কিছু বলতে চাননি মাশরাফি।
“যা হয়েছে আপনারা সবাই দেখেছেন। আবার ব্যাখ্যা করার কিছু নেই। জীবন থেমে থাকে না, এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবে।”
ভারত ছাড়াও সেমি-ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চার দলের মধ্যে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক।
