নকআউট পর্বেও আগ্রাসী ক্রিকেটের ছক নিউ জিল্যান্ডের
গ্রুপ পর্বের মতো নকআউট পর্বেও আগ্রাসী ক্রিকেট লেখার ছক কষছে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক দলটির ব্যাটসম্যান কেন উইলিয়ামসন জানান, স্বাধীনভাবে খেলে নকআউট পর্বের চাপ জিততে চান তারা।
টানা ছয় ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের দলের কাছে সমর্থকদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি হারলেই ছিটকে পড়ার চাপও যোগ হয়েছে।
তবে ওয়েলিংটনে সোমবার সাংবাদিকদের নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন নির্ভার ও শান্ত থেকে স্বাধীনভাবে খেলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
উইলিয়ামসন আরো জানান, চাপের পরিস্থিতিতে নিজেদের দক্ষতা মেলে ধরার জন্য স্বাধীনভাবে খেলাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরাটা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
আগামী শনিবার ওয়েলিংটনে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক নিউ জিল্যান্ড। এ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস থাকার কথা বলেন উইলিয়ামসন, “ম্যাচ জয়ী অনেকে আছে আমাদের দলের এবং সবাই এ ম্যাচের জন্য সামনের দিকে তাকিয়ে আছে।”
গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে বাংলাদেশই যা একটু চাপে ফেলেছিল নিউ জিল্যান্ডকে। তবে শেষ পর্যন্ত সে চাপ স্বাগাতিকরা জিতে নেয় মার্টিন গাপটিলের শতকে চড়ে। উইলিয়ামসন জানান, বড় রান তাড়া করে মাশরাফিদের বিপক্ষে পাওয়া জয়টি তাদের জন্য ভালো হয়েছে এবং এ ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু পেয়েছেন তারা।
