বড় মাঠে বড় স্বপ্নের দোলা
পতাকা বানানো হয়ে গেছে, জার্সি কেনাও শেষ; সবই আয়োজনই সারা। এবার শুধু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে লাল-সবুজে সাজানোর অপেক্ষা অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এর আগে কখনও খেলেনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট মক্কায় তাই দেশের খেলা এখন পর্যন্ত দেখা হয়নি প্রবাসী বাংলাদেশিদের।
৯০ হাজার দর্শক ধারনক্ষমতার এই স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ার ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলতে নামবে।
চোখের তারায় অনেক স্বপ্ন এঁকে বহু দিন ধরে এই ম্যাচটির জন্য অপেক্ষা করছে মেলবোর্ন তথা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।
মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের অনেকে হয়ত এই মাঠের পাশ দিয়ে হেঁটে গেছেন, আর যাওয়ার সময় ভেবেছেন, কোনোদিন যদি বাংলাদেশ খেলে এখানে তাহলে খেলা দেখবেন। গাড়িতে যেতে যেতে এই স্বপ্ন দেখেছেন অনেকে। বৃহস্পতিবার তাদের এই কল্পনা বাস্তব হতে চলেছে। প্রিয় বাংলাদেশ খেলবে স্বপ্নের এমসিজিতে!
এমসিজিতে খেলা দেখা নিয়ে মেলবোর্ন প্রবাসীরা আয়োজন সাজাচ্ছে অনেক আগে থেকেই। বাংলাদেশি আশরাফের বাড়ি জয়পুরহাটের কালাইতে। মেলবোর্নে আছেন বেশ ক'বছর। জানালেন, এমসিজিতে এর আগে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে গেছেন। এবার স্বপ্নের এই মাঠে বিশ্বকাপে দেশের খেলা দেখতে পারবেন বলে রোমাঞ্চ অনুভব করছেন তিনি।
আশরাফের মতো হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছে। দল বেধে দেশের খেলা দেখতে এলাকায় এলাকায় চলছে নানা প্রস্তুতি। এমনিতে মেলবোর্নে প্রবাসী বাংলাদেশি সঠিক সংখ্যা কারও নিশ্চিত জানা নেই। কেউ বলেন ৮ হাজার, কেউ আবার ১০ হাজারের হিসেব দেন। ধারনা করা হচ্ছে, এদের বেশিরভাগই বৃহস্পতিবার খেলা দেখতে যাবেন।
খেলা দেখার প্রস্তুতি হিসেবে তারা দেশ থেকে জার্সি-পতাকা আনিয়েছেন। অনেকে কাপড় কিনে নিজেরা বানিয়ে নিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এই পতাকাগুলো বৃহস্পতিবার পতপত করে উড়বে এমসিজিতে।
মেলবোর্নে একুশের বইমেলায়ও বিস্তর বিক্রি হয়েছে বাংলাদেশের জার্সি-পতাকা। চাহিদার চেয়ে জার্সি-পতাকা কম থাকায় অনেকে টাকা দিয়েও তা কিনতে পারেননি।
ঢাকার যেমন টিএসসি, মেলবোর্নে তেমন ফেডারেশন স্কয়ার। ইয়ারা নদীর ধারের এই ফেডারেশন স্কয়ারেই বর্ষবরণসহ নানা উৎসব উপলক্ষে জমা হয় মেলবোর্নের মানুষজন। বৃহস্পতিবার দুপুরে এই ফেডারেশন স্কয়ারেই জমা হবেন মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিরা।
এখান থেকে লাল সবুজ-পতাকা উড়িয়ে মিছিল নিয়ে মাঠে যাবেন তারা। মেলবোর্নের আরও কয়েকটি এলাকা থেকে গাড়ির বহর নিয়েও যাওয়া হবে ক্রিকেট গ্রাউন্ডে।
খেলা উপলক্ষে অস্ট্রেলিয়ার নানা শহর থেকেও প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করেছেন মেলবোর্ন। সিডনি, ক্যানবেরাসহ নানা শহর থেকে আসছেন তারা। বাংলাদেশিরা আসছেন অস্ট্রেলিয়ার বাইরের নানা দেশ থেকেও।
সিডনি থেকে আসা বাংলাদেশি ছাত্র নিশান জানালেন, ছুটি আর বিমানের টিকিট শেষ মূহুর্তে পাওয়ায় একটু বাড়তি টাকাই খরচ করতে হয়েছে তাকে। তবে টাকা নিয়ে ভাবেননি নিশান। এমসিজিতে প্রিয় দেশের খেলা দেখার স্বপ্ন পূরণ হবে-এটাই বড় করে দেখেছেন তিনি।
এমন গল্প আরও অনেকের। দেশের টানে কেউ খরচ নিয়ে ভাবছে না। বুধবার এমসিজিতে সকালে বাংলাদেশ আর বিকেলে শ্রীলঙ্কা দলের অনুশীলন হয়। শ্রীলঙ্কা দলের অনুশীলন দেখতে আসা মেলবোর্নবাসী এক লঙ্কান শিক্ষক কুমারা বললেন, তার এলাকায় অনেক বাংলাদেশি থাকেন। গত কিছুদিন ধরেই সেই বাংলাদেশিরা কুমারাকে খেপিয়ে মারছে! প্রবাসী বাংলাদেশিদের কথা একটাই-শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশিদের এই স্বপ্ন যদি সত্যি হয়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লাল-সবুজের উৎসবটা তাহলে বাড়তি রংই পাবে।
