২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভাগতর শতকে ঢাকার বড় সংগ্রহ

শুভাগত হোমের শতকের সাহায্যে খুলনা বিভাগের বিপক্ষে লড়াই করার মতো ইনিংস গড়েছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

ঢাকার ৩৬৬ রানের জবাবে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ৩ উইকেটে ১২৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা।

এখনও ২৪২ রানে পিছিয়ে আছে খুলনা, তাদের হাতে আছে ৭ উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে খেলতে নেমে ঢাকা আরও ১২২ রান যোগ করে।

১৩৫ রান করে জিয়াউর রহমানের বলে ক্যাচ আউট হন শুভাগত। ২৩৩ বলের ইনিংসে ২০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মোশাররফ হোসেন অপরাজিত ৫৯ রান করেন।

খুলনার পক্ষে ৮৮ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। জিয়াউর নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর দ্রুত দ্বিতীয় উইকেটও হারায় খুলনা। তবে মেহেদী হাসানের (৬৬) ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে দলটি।

তুষার ইমরান ৩৭ এবং মো. মিথুন ৬ রানে ব্যাট করছেন।