বাংলাদেশকে ভয় পাচ্ছে না আফগানিস্তান
বাংলাদেশকে সমীহ করলেও নিজ দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান কোচ।
বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ মিশন শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। মাশরাফি-সাকিবদের শ্রদ্ধা করলেও ভয় না পাওয়ার কথা জানান দলটির কোচ।
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ম্যানুকা ওভালে বুধবার মুখোমুখি হবে দুই দল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পাল্লায় এগিয়ে বাংলাদেশ। তবে মাশরাফি-তামিম-সাকিবে সাজানো দলটিকে ভয় না পাওয়ার কথায় বলেন আফগানিস্তান কোচ অ্যান্ডি মোলস।
“আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশের প্রতি আমাদের পুরোপুরি শ্রদ্ধা আছে কিন্তু তাদেরকে আমরা ভয় পাচ্ছি না”, যোগ করেন তিনি।
বিশ্বকাপে এর আগে চারবার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। অন্যদিকে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নামবে আফগানিস্তান। তবে বিশ্বকাপে প্রথম খেলতে নেমে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী মোলস।
“জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা জিততেই যাচ্ছি, এতটা আত্মবিশ্বাসী নই; তবে আমরা জিততে পারি, এ আত্মবিশ্বাস আমাদের আছে।”
গত এশিয়া কাপে বাংলাদেশকে চমকে দিয়েছিল আফগানিস্তান। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বাগতিকদের কোণঠাসা করে জয় তুলে নেয় দলটি। ওই প্রাপ্তি আফগানিস্তানের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিচ্ছে।
ক’দিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জানিয়েছিলেন, ক্যানবেরার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টিকেট আগেই সব বিক্রি হয়ে গেছে। ২০টি বাসে করে আফগান সমর্থকরা নবি, মিরওয়াইসদের ম্যাচের দিন অনুপ্রেরণা জোগাতে ক্যানবেরায় পা রেখেছেন বলে জানান মোলেস।
জয়ের ব্যাপারে কোচের মতো অবশ্য অতটা আশাবাদী নন আফগানিস্তান দলের অলরাউন্ডার মিরওয়াইস আশরাফ। তবে তিনি জানান, বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে চাপে নেই তারা।
“আমরা উন্মুখ হয়ে আছি, তবে নার্ভাস নই। এ আসরটা উপভোগ করতে চাই আমরা।”
