অপূর্ণতা ঘোচালেন কোহলি
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে এর আগে পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতে ভারত জিতলেও একটা অপূর্ণতা ছিল তাদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরেন্দর শেবাগদের কারোরই শতক ছিল না। এবার সে অপূণর্তা ঘোচালেন বিরাট কোহলি।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে শতক করার কৃতিত্ব গড়েছেন কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ে দারুণ খুশি তিনি। ইনিংসটাকে 'ক্যারিয়ারের অন্যতম সেরা' বললেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় প্রতিবেশী দেশকে ফের হারাতে ১০৭ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন কোহলি। বিশ্বকাপে এটা তার দ্বিতীয় শতক। আর ক্যারিয়ারের এটা তার ২২তম ওয়ানডে শতক।
রোববার অ্যাডিলেড ওভালে প্রথম ব্যাট করতে নেমে ৩৪ রানেই রোহিত শর্মাকে হারায় ভারত। তবে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে দলকে বিপদে পড়তে দেননি কোহলি। সোহেল খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সুরেশ রায়নার সঙ্গে ১১০ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালের এই মাঠের সঙ্গে কোহলির দারুণ সম্পর্কটাও এই শতক দিয়ে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হলো। অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত ২১ ম্যাচ খেলে ৭টি শতক করলেন তিনি, যার মধ্যে এই মাঠেই ৫ ম্যাচে করলেন ৪ শতক।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে চার টেস্টের সিরিজে প্রথম ম্যাচের দুই ইনিংসেই শতক করেন কোহলি। পরে ওই সিরিজে আরও দুটি শতক করলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। পরে দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তার ব্যাটে রান খরা ছিল। কিন্তু 'প্রিয় মাঠ' ওভালে ফিরেই জ্বলে উঠলেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
কোহলির দাপটে শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩০০ রান করে ভারত। জবাবে ৪৭ ওভারে ২২৪ রানে পাকিস্তান অলআউট হয়ে গেলে ৭৬ রানে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।
এটা দিয়ে পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয়ের স্বাদ পেল ভারত।
এমন উত্তেজনার ম্যাচে সহজেই জিতে বিশ্বকাপ শুরু করতে পেরে দারুণ খুশি কোহলি। ম্যাচ সেরার পুরস্কার হাতে প্রতিপক্ষকেও প্রশংসা করলেন তিনি।
"বিশ্বকাপের শুরুটা দারুণ হলো। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই বড় খেলা, তারা চমৎকার লড়াই করেছে। "
আর দেশের পক্ষে ভালো খেলতে থাকলে ওই খেলোয়াড়ের উপর সমর্থকদের প্রত্যাশা্ও বেড়ে যায় বলে মনে করেন কোহলি। তবে ভক্তদের বাড়তি এই প্রত্যাশা ভালোই লাগে ডান হাতি এই ব্যাটসম্যানের।
