২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেও ইতিবাচক জিম্বাবুয়ে অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হেরে বিশ্বকাপ শুরু করলেও এ ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু পাওয়ার কথা জানান জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। তবে হারের হতাশাও আড়াল করেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:09 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

ফেভারিটের মতোই শুরু দক্ষিণ আফ্রিকার

হ্যামিল্টনের সেডন পার্কে রোববার দক্ষিণ আফ্রিকার তোলা ৩৯৯ রানের জবাব দিতে নেমে ২৭৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। তবে এ হারকে ইতিবাচক মানছেন জিম্বাবুয়ে অধিনায়ক, “এ ম্যাচে হেরে যাওয়া? হ্যাঁ, হতাশ। কিন্তু আমরা যেভাবে খেলেছি, সেখানে অনেক ইতিবাচক দিক ছিল।”

সিকান্দার রাজাকে হারিয়ে জিম্বাবুয়ের শুরুটা ভালো না হলেও চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজার দৃঢ়তায় ম্যাচে ভালোভাবে টিকে থাকার কথা জানান চিগুম্বুরা। তবে জিম্বাবুয়ে অধিনায়ক মনে করেন, বোলিং পর্বে ৪৭তম ওভারে তাদের ৩০ রান দেয়াটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া মুহূর্ত।

নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি চিগুম্বুরা। রান আউট হওয়ার আগে মাত্র আট রান তোলেন তিনি। তবে ১৪ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে ৮০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন চিগুম্বুরার সতীর্থ মাসাকাদজা। পরাজিত দলের অধিনায়কের আশা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের এ আসরে মাসাকাদজার ব্যাট থেকে এরকম ইনিংস আরো আসবে।

বৃহস্পতিবার নেলসনে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। তবে কেবল সংযুক্ত আরব আমিরাত নয়, গ্রুপে অন্য প্রতিপক্ষদেরও জিম্বাবুয়েকে নিয়ে ‘ভাবা উচিত’ বলেও মনে করেন তিনি।