অস্ট্রেলিয়া: আধিপত্য ফেরানোর মিশন
অন্য দলগুলোর লড়াই যেন কেবলই রানার্সআপ হওয়ার জন্য- এক যুগের আধিপত্যে বিশ্বকাপে এটি প্রায় নিয়মে পরিণত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। নিজেদের ট্রফি জয়টাও যেমন আনুষ্ঠানিকতা। ১৯৯৯ বিশ্বকাপ থেকে শুরু করে টানা তিন আসরের মুকুট যে তাদের!
একচ্ছত্র সেই রাজত্ব অস্ট্রেলিয়া হারিয়েছে ২০১১ সালে। ভারতের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালেই থেমে যায় তাদের বিশ্বকাপ অভিযান। এবার তাই ট্রফি ফেরানোর মিশন অজিদের। আর চেনা উইকেট-কন্ডিশনে চূড়ান্ত সাফল্য পাওয়ার বিষয়ে সম্ভাবনার পাল্লা প্রবলভাবে তাদের দিকেই হেলে।
চার বছর আগের অস্ট্রেলিয়া ছিল পালাবদলের প্রক্রিয়ায়। রিকি পন্টিং তখনও ছিলেন বটে নেতৃত্বে। কিন্তু ব্যাটসম্যান হিসেবে নিজে অথবা তার দল ঠিক শিরোপা ধরে রাখার অবস্থায় ছিল না। অস্ট্রেলিয়ার ক্রিকেটের গ্রহণকালের ছায়াও তখন দেখেছিলেন অনেকে। তাদের ভুল প্রমাণ করে ‘অস্ট্রেলিয়ান ব্রান্ডের ক্রিকেট’ ঠিকই আবার শীর্ষে ওঠার পথে। ২৯ মার্চ মেলবোর্নে ফাইনাল জিতে নিজেদের সমকালীন শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ঘোষণা দিতে চায় তারা।
ঘরের মাঠের বিশ্বকাপ অবশ্যই সুবিধা দেবে অস্ট্রেলিয়াকে। অবশ্য এটি ভুলে যাওয়ার উপায় নেই যে, ১৯৯২ সালে নিজ দেশের সর্বশেষ আসরে সেমি-ফাইনালেও উঠতে পারেনি তারা। এবার তার পুণরাবৃত্তির আশঙ্কা কম। কাগজ-কলমে যে দুর্দান্ত এক দল অস্ট্রেলিয়া।
টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ প্রতিপক্ষের মনোবল গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসনের অভিজ্ঞতা অমূল্য। আছেন স্টিভেন স্মিথের মতো এক ব্যাটসম্যান, গত ১৮ মাসে যার ব্যাটে অবিশ্বাস্য ধারাবাহিকতা। যে ফরম্যাটের ক্রিকেটেই নেমেছেন, রান করেছেন ভুরি ভুরি। আর গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিচেল মার্চের মতো অলরাউন্ডার তো যে কোন দলের জন্যই বড় সম্পদ। এর মধ্যে ম্যাক্সওয়েল হতে পারেন ১৯৯৯ বিশ্বকাপের ল্যান্স ক্লুজনারের মতো। কঠিন পরিস্থিতি থেকে ঝড়ো ইনিংসে ম্যাচ বের করে আনায় যার জুড়ি মেলা ভার।
ব্যাটিং লাইনে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার জায়গা দুটো। আর দুটোই অধিনায়ক-কেন্দ্রিক। ক্লার্কের ফিটনেস নিয়ে সংশয় দূর হয়নি, নির্বাচকদের সঙ্গে তার দ্বন্দ্বের গুঞ্জনও। ভারপ্রাপ্ত অধিনায়ক যে জর্জ বেইলি, তার ব্যাটে আবার চলছে রানখরা। ক্লার্ক ফিটনেস এবং বেইলি ছন্দ ফিরে পেলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে রোখা কোনো বোলিং আক্রমণের পক্ষেই সহজ হবে না।
তাদের বোলিং বিভাগও মন্দ কী! মিচেল জনসন আছেন তুখোড় ফর্মে। মিচেল স্টার্ক, জস হ্যাজলউডদেরও রয়েছে বহুদূর যাওয়ার প্রতিশ্রুতি। পরিচিত কন্ডিশন আর সহায়ক উইকেটে এই বোলারদের তাই ঝড় তোলারই কথা। তুলনায় স্পিন বিভাগটি হয়তো দুর্বল। কিন্তু ওই জাভিয়ের ডোহার্টিকে খুব বেশি ওভার করানোর প্রয়োজনই তো পড়ার কথা না অস্ট্রেলিয়ান অধিনায়কের।
দল হিসেবে আছেও তারা তুখোড় ফর্মে। ২০১৪ সালের শুরু থেকে ধরলে ব্যর্থতা বলতে গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হার। এর বাইরে নিজ দেশে ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৪-১ ব্যবধানে, সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে ৩-০ ব্যবধানে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টাও স্বচ্ছন্দ্য, ৪-১ ব্যবধানে। আর বিশ্বকাপের ঠিক আগে আগে ভারত-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে তো রীতিমতো অপরাজেয় অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে পরিত্যক্ত এক ম্যাচের বাইরে জিতেছে সবগুলোতে। ফাইনালে ইংল্যান্ডে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা জোরেসোরেই ঘোষণা করেছে তারা।
সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফেরানোর অভিযান। ১৯৯২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে হোঁচট খেয়েছিল তারা। সেখান থেকে ফিরতে পারেনি আর। এবার তার পুণরাবৃত্তি ঠেকানো মরিয়া চেষ্টা নিশ্চয়ই থাকবে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড, আফগানিস্তান আছে তাদের গ্রুপে। এখান থেকে তারা কোয়ার্টার-ফাইনালে উঠতে পারবে কিনা, এটি নিয়ে আলোচনা অবান্তর। বরং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠতে না পারলে সেটি হবে ব্যর্থতা। ট্রফি ফেরাতে না পারলেও সেটি অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের লেখা থাকবে ব্যর্থতার কালিতে।
স্টিভ ওয়াহর অপরাজেয় দলের প্রতিচ্ছবি হয়তো এখনকার অস্ট্রেলিয়া দলে নেই। রিকি পন্টিংয়ের দলের মতো অদম্যও হয়তো তারা নয়। কিন্তু কিভাবে ম্যাচ জিততে হয়, সেটি ভালোই জানা। অজিদের হারানো সাম্রাজ্য যে মাইকেল ক্লার্কের দল ফিরিয়ে আনতে পারবে- সমর্থকরা এই ভরসা তাই করতেই পারেন।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।
বিশ্বকাপ রেকর্ড:
১৯৭৫: রানার্সআপ
১৯৭৯: গ্রুপ পর্ব
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: চ্যাম্পিয়ন
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: রানার্সআপ
১৯৯৯: চ্যাম্পিয়ন
২০০৩: চ্যাম্পিয়ন
২০০৭: চ্যাম্পিয়ন
২০১১: কোয়ার্টার-ফাইনাল
বিশ্বকাপ সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | মেলবোর্ন |
২১ ফেব্রুয়ারি | বাংলাদেশ | ব্রিসবেন |
২৮ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড | অকল্যান্ড |
৪ মার্চ | আফগানিস্তান | পার্থ |
৮ মার্চ | শ্রীলঙ্কা | সিডনি |
১৪ মার্চ | স্কটল্যান্ড | হোবার্ট |
