শ্রীলঙ্কা: মাহেলা-সাঙ্গাকারাদের শেষ সুযোগ
মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, তিলকারত্নে দিলশান। শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে হিরন্ময় কত মুহূর্তের জন্ম এই চতুষ্টয়ের কীর্তিতে। তাদের নায়কের আসনে বসাতে তাই বিন্দুমাত্র দ্বিধা নেই লঙ্কানদের। কিন্তু মহানায়কের সিংহাসন? কখনোই না। হৃদয়ের গহীনে খুব যতনে সেটি তুলে রাখা অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, মুত্তিয়া মুরালিধরন, সনাৎ জয়াসুরিয়াদের জন্য। বিশ্বকাপজয়ী বীরদের অন্য কারো তুলনা চলে না যে।
যত বীরদর্পেই জয়াবর্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গা-দিলশানরা সর্বশেষ দুটো বিশ্বকাপের ফাইনাল খেলুন; ট্রফি নিয়ে তো আর দেশে ফিরতে পারেননি তারা। শ্রীলঙ্কার চতুষ্ঠয়ের জন্য এবারই তাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের; নায়কের আসন থেকে মহানায়কের সিংহাসনে উত্তরণের। পারবেন তারা?
সারা উঠান পাড়ি দিয়ে স্বর্গদুয়ারের চৌকাঠে হুমড়ি খেয়ে পড়ার অভ্যাসটা শ্রীলঙ্কার নতুন না। ২০০৭, ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে তারা। জিততে পারেনি ২০০৯, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দ্বৈরথেও। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে অমন হলে ‘চোকার’ তকমার চর্চা উসকে উঠত জোরেসোরে। লঙ্কানদের সৌভাগ্য, তারা কেবল ‘দুর্ভাগা’ বলেই পার পেয়েছে। বৈশ্বিক টুর্নামেন্ট ফাইনালে উঠবে শ্রীলঙ্কা, এরপর খাবে হোঁচট- এটিকে নিয়তির লিখন বলেও মেনে নিতে শুরু করেছিলেন অনেকে।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে সেই অজুহাতও ধোপে টিকবে না আর। কারণ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ওই টুর্নামেন্ট জিতে ফাইনালের গেরো খোলে শ্রীলঙ্কা। কুড়ি-বিশের ফরম্যাট থেকে জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের বিদায়টা হয়েছে তাই রাজসিক। পঞ্চাশ ওভারের ক্রিকেটটা শেষবারের মতো রাঙিয়ে দেওয়ার চ্যালেঞ্জ এখন তাদের।
শ্রীলঙ্কার সাম্প্রতিক ফর্ম খুব সুবিধার না। নিউ জিল্যান্ডের কাছে বিশ্বকাপের আগে তারা ২-৪ ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজ। তবে তাতে ঘাবড়ে যাওয়ার কথা না দলের। কারণ এমন নানান বাধা-বিপত্তির সঙ্গেই তো তাদের নিত্য বসতি। বড় খেলোয়াড়দের হঠাৎ ফর্ম হারিয়ে ফেলা, ইনজুরির কারণে কারো ছিটকে যাওয়া, দলের বাজে ফর্ম কিংবা দেনাপাওনা দিয়ে বোর্ডের সঙ্গে দেনদরবার- বৈশ্বিক প্রতিযোগিতার আবহে এমন ভুল কারণে শ্রীলঙ্কা সংবাদ শিরোনামে আসে প্রায়শ। তাদের 'ফেভারিট' বলতে তাই আপত্তি থাকে বিশ্লেষকদের। কিন্তু কিভাবে কিভাবে যেন ঠিকই সময়মতো জ্বলে উঠতে জানে শ্রীলঙ্কা। আর ফাইনালে ‘নিভে’ যাওয়ার রোগও তো সারিয়ে ফেলেছে তারা সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিউইদের কাছে সিরিজ হারে তাই আত্মবিশ্বাস হারানোর কথা না অ্যাঞ্জেলো ম্যাথিউসের দলের।
সাঙ্গাকারা-মাহেলা-দিলশানের মতো অভিজ্ঞ তিন যোদ্ধা থাকার পরও শ্রীলঙ্কার নেতৃত্ব এখন ম্যাথিউসের কাছে। অবশ্য তার নিজের অভিজ্ঞতাও তো কম না। ছয়-ছয়টি বড় টুর্নামেন্টে খেলেছেন; এর মধ্যে দল সেমি-ফাইনালের আগে ঝরে পড়েছে কেবল একবার। স্বর্গের দুয়ারটা তাই একেবারে অচেনা না তার জন্য। আর সেই দুয়ার খোলার চাবিও তো পেয়েছে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে।
শ্রীলঙ্কার বর্তমান দলটির ভারসাম্য যে দুর্দান্ত, তা হয়তো বলা যাবে না। ব্যাটিংটা নির্ভর করে মূলত টপ অর্ডারের ওপর। আর কী টপ অর্ডারই না তা! দিলশানের ধুন্ধুমার শুরু, জয়াবর্ধনের ধ্রুপদী ব্যাটে যার সমর্থন আর নির্ভরযোগ্য সাঙ্গাকারায় ইনিংস শেষ করে আসার প্রতিশ্রুতি। বিশ্বকাপের খুব বেশি দলের সামর্থ্য নেই এর সঙ্গে পাল্লা দেওয়ার। জয়াবর্ধনের সময়টা হয়তো ভালে যাচ্ছে না খুব। তবে বড় উপলক্ষে জ্বলে ওঠার সামর্থ্য বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছে সমর্থকদের। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে শতক আছে তার। বিশ্বকাপ-বিজয়ী হওয়াটাই বাকি কেবল।
মিডল-লোয়ার অর্ডার খানিকটা নড়বড়ে বটে। তবে ম্যাথিউস-চান্ডিমালরা যদি নিজের খেলাটা খেলতে পারেন, তাহলে ইনিংস টেনে নিতে সমস্যা হবে না। থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরার মতো মিনি অলরাউন্ডাররা আছেন শেষের দিকে। প্রয়োজনে যাদের ব্যাটে ঝড় উঠতে পারে।
বোলিং আক্রমণের নেতৃত্ব যথারীতি ওই মালিঙ্গার কাঁধ, যিনি ২০০৭ বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। গোড়ালির চোটের কারণে এই ফাস্ট বোলার অবশ্য নিজেকে নেই পুরোপুরি। অস্ত্রোপাচারের ধকল সামলে সেরাতে ফিরতে পারেননি এখনও। মালিঙ্গার ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়া লঙ্কানদের বিশ্বকাপ সাফল্যের অন্যতম পূর্বশর্ত। তার সহযোগী হিসেবে কুলাসেকেরা, সুরাঙ্গা লাকমালরা গতির চেয়ে অবশ্য সুইংয়ের উপর নির্ভর করবেন বেশি।
স্পিন বিভাগে নেই মুরালিধরন নামের কোনো জাদুকর। অভিজ্ঞ রঙ্গনা হেরাথের কাঁধে তাই অনেক দায়িত্ব। তরুণ সচিত্র সেনানায়েকেও আছেন। আর শ্রীলঙ্কার ফিল্ডিং তো বিশ্বমানের হিসেবে স্বীকৃত বহুদিন ধরেই।
এমন দল নিয়ে প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে সমস্যা হওয়ার কথা না শ্রীলঙ্কার। গ্রুপে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং আরেক পরাশক্তি ইংল্যান্ড থাকলেও। কারণ আফগানিস্তান-স্কটল্যান্ডকে তো তাদের হারানোরই কথা। আর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেও কাগজ-কলমে ঢের এগিয়ে শ্রীলঙ্কা।
তবে এবারের শ্রীলঙ্কার লক্ষ্য তো আর শুধু গ্রুপ পর্ব পেরোনো না। সব বাধা পেরিয়ে ’৯৬-র রূপকথা ফিরিয়ে আনা। বিশ্বকাপ ট্রফিতে চুম্বন এঁকে দিয়ে মহানায়ক হওয়ার শেষ সুযোগটা হেলায় নিশ্চয়ই হারাতে চাইবেন না সাঙ্গাকারা-জয়াবর্ধনে-মালিঙ্গা-দিলশানরা।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, জিবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, সচিত্রা সেনানায়েকে, দুশমন্ত চামিরা।
বিশ্বকাপ রেকর্ড:
১৯৭৫: গ্রুপ পর্ব
১৯৭৯: গ্রুপ পর্ব
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: চ্যাম্পিয়ন
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৩: সেমি-ফাইনাল
২০০৭: রানার্সআপ
২০১১: রানার্সআপ
বিশ্বকাপ সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৪ ফেব্রুয়ারি | নিউ জিল্যান্ড | ক্রাইস্টচার্চ |
২২ ফেব্রুয়ারি | আফগানিস্তান | ডানেডিন |
২৬ ফেব্রুয়ারি | বাংলাদেশ | মেলবোর্ন |
১ মার্চ | ইংল্যান্ড | ওয়েলিংটন |
৮ মার্চ | অস্ট্রেলিয়া | সিডনি |
১১ মার্চ | স্কটল্যান্ড | হোবার্ট |
