ফকনারের চোট ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকে
বিশ্বকাপের আগে একটি দু:সংবাদ পেল সহ আয়োজক অস্ট্রেলিয়া। দেশটির অলরাউন্ডার জেমস ফকনারের তলপেটের পাশের পেশিতে চোট ধরা পড়েছে।
রোববার পার্থে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচে চোট পান ডান-হাতি ব্যাটসম্যান ও বাঁ-হাতি এই পেসার। পরে স্ক্যানে পেশির চোটটি নিশ্চিত হয়।
দলের ফিজিও অ্যালেক্স কোনটুরিস জানান, স্ক্যান করানোর পর দেখা গেছে, ফকনারের তলপেটের ডান দিকের পেশিতে চোট লেগেছে। আগামী দুই সপ্তাহ তাকে নিবিড় চিকিৎসা দেয়া হবে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসা কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন, ফকনার বিশ্বকাপে খেলতে পারবেন কিনা।
১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে।
ফকনার ছাড়াও চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ক্লার্কের খেলার জন্য পুরোপুরি উপযোগী হয়ে ওঠার সম্ভাবনা নেই।
ফলে ক্লার্ক ও ফকনার দলে থাকলে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একাদশ বাছাইয়ের জন্য ১৩ জনের বেশি পাচ্ছে না অস্ট্রেলিয়া।
