ওয়েস্ট ইন্ডিজ দলে আস্থা ভিভ রিচার্ডসের
সর্বকালের সেরা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকাতেও থাকবেন ভিভ রিচার্ডস। বিশ্বকাপের ক্যানভাসও রাঙিয়ে দিয়েছেন তিনি। ১৯৭৫ ও ১৯৭৯ সালের প্রথম দুই বিশ্বকাপ জিতেছেন, ছিলেন ’৮৩-এর রানার্সআপ দলেও। আর ১৯৮৭-র ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কই তো ছিলেন রিচার্ডস। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে খুব বেশি লোক বাজি না ধরলেও ‘কিং রিচার্ডস’ কিন্তু আস্থা হারাচ্ছেন না উত্তরসূরিদের ওপর; তা মাঠের বাইরে যত সমস্যা আর বিতর্কই থাকুক না কেন!
কতো কাণ্ডই না হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে! ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারকে বাদ দিয়ে ঘোষণা করা হল বিশ্বকাপ দল। অথচ এমন দুজনকে পেলে বর্তে যাবে বিশ্বের যে কোন ওয়ানডে দল।
তবে এই পর্যায়ে এসে দল যাঁরা নির্বাচন করেছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হবে। আর ব্রাভো-পোলার্ডকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ঠিক হল কী ভুল- সেটি বলার মতো লোক আমি নই।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের সামনে অনেক চ্যালেঞ্জ। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে এত কমবয়সী কাউকে অধিনায়ক করা ঠিক হল কিনা, সেটি বিচার করবে সময়। আর মাঠের বাইরে এতসব কাণ্ড হচ্ছে যে, কারো জন্যই ড্রেসিংরুমটা স্বস্তির জায়গা থাকবে না। দক্ষিণ আফ্রিকা থেকে ক্রিস গেইলের যে প্রতিক্রিয়া গণমাধ্যমে এসেছে, তাতেই বোঝা যায় যে খেলোয়াড়রা খুব অসন্তুষ্ট। তারা কতটা একতাবদ্ধ আছে, এ নিয়েও আমার প্রশ্ন।
ফিরেছে গেইলও। আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ওকে খেলতে দেখা সবসময় আনন্দের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কী অবিশ্বাস্য ব্যাটিংটাই না করল! আমি ঠিক নিশ্চিত নই, বিশ্বকাপে গেইল অলরাউন্ডার হিসেবে খেলবে কিনা। ইনজুরি ও ফিটনেস সমস্যা তো ওর লেগেই আছে। দল নিশ্চয়ই গেইলের বিস্ফোরক ব্যাটিংই পেতে চাইবে শতভাগ। অলরাউন্ডারের ভূমিকা পালনের জন্য অন্যরা আছে।
ডোয়াইন স্মিথ খুব প্রতিভাবান ক্রিকেটার। এবার বিশ্বমঞ্চে নিজের সামর্থ্যের জানান দেওয়ার সুযোগ ওর। বিধ্বংসী ব্যাটসম্যান, দুর্দান্ত ফিল্ডার এবং কয়েক ওভার বোলিংও করতে পারে। মারলন স্যামুয়েলসের মতো দারুণ আরেক ব্যাটসম্যান আছে, যার স্পিন বোলিং হতে পারে দলের বোনাস।
লেন্ডন সিমন্স আগ্রাসী, ড্যারেন ব্রাভো স্টাইলিশ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের শক্ত-বাউন্সি উইকেট ওদের পছন্দ হওয়ার কথা। দীনেশ রামদীন অভিজ্ঞ ক্রিকেটার, এখন অধিনায়কত্বের বোঝাও নেই কাঁধে। যদি ফর্মে থাকে, তাহলে দলের জন্য খুব কার্যকর খেলোয়াড় হবে ও।
এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা জোনাথন কার্টার ও শেলডন কট্রেলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে আমি কাজ করেছি। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টিতে কার্টারের সেঞ্চুরি আছে। বিশ্বকাপে নিজের প্রতিভার প্রতিফলন দেখানোর জন্য ও নিশ্চয়ই মুখিয়ে থাকবে। আর কট্রেল ভীষণ পরিশ্রমী, সামর্থ্যের সবটুকু নিংড়ে দেয় সবসময়।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ পড়েছে ‘বি’ গ্রুপে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। মনে রাখতে হবে, বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ না। এমনকি র্যাঙ্কিংয়ের নীচের দিকের দলের বিপক্ষে খেলার সময়ও সর্বোচ্চটা দিতে হয়।
বিশ্বকাপ জয়ের জন্য সহ-আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট ভাবা হচ্ছে। নিউজিল্যান্ড ডার্ক হর্স আর নিজেদের দিনে পাকিস্তানও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। তবে গত কয়েকটি আসরের মতো এবারের বিশ্বকাপে পরিষ্কার কোনো ফেভারিট নেই। ১৯৯২-র মতো এটি হতে যাচ্ছে ‘ওপেন টুর্নামেন্ট’।
ওয়েস্ট ইন্ডিজের দলটি এখন মাঠের বাইরের নানা সমস্যায় জর্জরিত। খেলোয়াড়রা কিন্তু এটিকে আবার অনুপ্রেরণা হিসেবে নিয়ে একতাবদ্ধ হতে পারে। অনেক দিন হয় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জেতেনি। এবারের ভারসাম্যপূর্ণ স্কোয়াড হয়তো ক্যারিবিয়ানদের এনে দিতে পারে সেই স্বর্ণালী সাফল্য।
