ফিল্ডিংয়েও ভালো করতে চান সাব্বির
পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং, প্রয়োজনে কয়েক ওভার বল, এতেই শেষ হবে না সাব্বির রহমানের দায়িত্ব। দলের অন্যতম সেরা হিসেবে, বিশ্বকাপে ভালো ফিল্ডিংয়ে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্বটা তার কাঁধেই থাকবে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো দুই সেশন ধরে ‘স্কিল’ অনুশীলন করেন ক্রিকেটাররা। দুই সেশনের বিরতিতে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির ও নাসির হোসেন।
সাব্বির জানান, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ফিল্ডিংয়ে ভালো করার ব্যাপারটি তার মাথায় রয়েছে।
“ফিল্ডিং দলের জন্য একটা বড় ব্যাপার। ভালো ফিল্ডিং করলেও দলকে কিছু দেয়া যায়। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ফিল্ডিং দিয়ে সেটা পুষিয়ে নেয়ার চেষ্টা করবো।”
গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাব্বিরের। মাত্র একটি সিরিজ খেলেই বিশ্বকাপ দলে আসা এই তরুণ ব্যাট করতে পারেন সাত নম্বরে। ওয়ানডের সেরা টুর্নামেন্টের জন্য ব্যক্তিগত কোনো লক্ষ্য ঠিক করেননি তিনি।
“আমি কখনো লক্ষ্য ঠিক করি না। দলের পরিস্থিতি অনুযায়ী যেভাবে খেলা দরকার, আমি সেভাবেই খেলার চেষ্টা করবো।”
সাব্বির জানান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কন্ডিশনে ব্যাটিংয়ে ভালো করার মতো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
“আমাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেখানে সব রকমের বলই হবে। বাউন্সি উইকেটে পুল, স্কয়ার কাট বেশি খেলতে হতে পারে। আমরা তার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি।”
বিশ্বকাপে বড় মাঠে খেলা হতে পারে, সেক্ষেত্রে চার-ছক্কা খুব বেশি হাঁকানো সম্ভব হবে না। তাই যত বেশি সম্ভব দুই রান নেয়ার পরিকল্পনা করছেন সাব্বির।
“বড় মাঠে বেশি চার-ছয় হয় না। আমাদের লক্ষ্য হবে, যত বেশি সম্ভব দুই রান নেয়া। আমার মনে হয়, দুই রান নেয়া সহজ হবে।”
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বল করেন সাব্বির। তার লেগস্পিন কার্যকর হতে পারে অস্ট্রেলিয়ার কন্ডিশনে।
“বোলিং নিয়েও পরিশ্রম করছি। যদি কখনো প্রয়োজন হয়, ৪/৫ ওভার ভালো বোলিং করার চেষ্টা করবো।”
