২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশে ফেরার লক্ষ্য নাসিরের

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে ফিরেছেন নাসির হোসেন; কিন্তু মাঠে নামার সুযোগ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রস্তুতি ম্যাচে ভালো করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:42 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো দুই সেশন ধরে ‘স্কিল’ অনুশীলন করেন ক্রিকেটাররা। দুই সেশনের বিরতিতে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির ও সাব্বির রহমান।

নাসির জানান, একাদশে জায়গা পেতে প্রস্তুতি ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছেন তিনি।

“প্রস্তুতি ম্যাচ শুধু আমার জন্য নয়, দলের সবার জন্যই গুরুত্বপূর্ণ। ওখানে যত বেশি ব্যাটিং করা যাবে, বোলাররা যত বেশি উইকেট পাবে, আত্মবিশ্বাস তত বাড়বে। আমি চেষ্টা করবো পারফরম করার, যেন একাদশে সুযোগ পেতে পারি।”

ব্রিসবেনে নিজেদের উদ্যোগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার আগ পর্যন্ত নিজেকে ফিরে পেয়েছেন বলতে রাজি নন নাসির।

“ঘরোয়া ক্রিকেটে ভালো করা আর আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলেই ভাবতে পারবো নিজেকে ফিরে পেয়েছি।”

ওয়ানডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য এখনো কোনো লক্ষ্য ঠিক করেননি নাসির।

“চাপ নিলে বিশ্বকাপে ভালো খেলা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আগে যেভাবে খেলতাম সেভাবেই খেলবো। বিশ্বকাপ বলে অন্যভাবে খেলবো, এমন নয়।”

নাসির জানান, কোচ চন্দিকা হাথুরুসিংহে ব্যাটিং অনুশীলনে সবচেয়ে বেশি জোর দিয়েছেন।

“অস্ট্রেলিয়ার কন্ডিশনে যেমন বল হবে, আমরা তেমন বলে অনুশীলনের চেষ্টা করছি। আমার মনে হয়, এই অনুশীলন বিশ্বকাপে ভালো করতে খুব সহায়ক হবে।”

অস্ট্রেলিয়ার বড় মাঠে চার-ছক্কা কম হতে পারে। তাই দৌড়ে বেশি রান নেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ।

“মাঠ বড় থাকলে গ্যাপও অনেক বড় হয়ে যায়। কোচ বলেছেন, গ্যাপে মেরে দুই রান করে নিতে। ওখানে বেশিরভাগ রানই নিতে হবে দৌড়ে। ছক্কা কম হবে, আমাদের এভাবেই রান নিতে হবে।”     

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করেন নাসির। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে বল করার সুযোগ হয় না। স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে অনিয়মিত স্পিনারদের অন্তত ৫/৬ ওভার বল করার জন্য তৈরি করছেন।

“কোচ আমাদের বলেছেন, হয়তো আমরা ১০ ওভার করে বল করবো না। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন যেন ৪/৫ ওভার বল করতে পারি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, যেন প্রয়োজনের সময় কয়েক ওভার বল করতে পারি।”

সাত নম্বরে ব্যাটিং ভীষণ চ্যালেঞ্জিং জানিয়ে নাসির বলেন, “সাত নম্বর এমন একটা জায়গা, এখানে ভালো খেললে আপনি ‘হিরো’ হয়ে যাবেন। এখানে ভালো খেলার সুযোগ থাকে পঞ্চাশ-পঞ্চাশ। নেমেই রান করতে হবে। রান করতে পারলে ভালো, আর না করতে পারলে বুঝতেই তো পারছেন…।”