২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া, ভারতকে হুমকি দেখছেন গ্রায়েম স্মিথ

প্রতিবার ‘ফেভারিট’ হিসেবে বিশ্বকাপে গিয়ে ‘ব্যর্থ’ হয় দক্ষিণ আফ্রিকা। তবু এবারের স্কোয়াডের ওপর ভরসা রাখছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ; দলে ‘ডেথ’ বোলিংয়ের আদর্শ বোলার এবং রান তাড়া করায় আদর্শ ব্যাটসম্যানের অভাব থাকা সত্ত্বেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 05:07 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফ গত চার বছর ধরেই একটু একটু করে তৈরি করছিলেন দলটি। আর ২০১৩ সালের মে মাসে মূল কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর থেকে তো দল নির্বাচনের ক্ষেত্রে আছে দারুণ ধারাবাহিকতা। আমাদের জনগণ ও গণমাধ্যমের জন্য তাই বিশ্বকাপ স্কোয়াড নিয়ে খুব বেশি জল্পনা-কল্পনার অবকাশ ছিল না।

প্রোটিয়া স্কোয়াড ঘোষণার আগে সত্যিকার অর্থে অনিশ্চয়তা ছিল বাড়তি ব্যাটসম্যান ঘিরে। আর অতিরিক্তি একজন অলরাউন্ডার নাকি সিম বোলার নিয়ে যাবেন- এ নিয়েও নিশ্চয়ই দ্বিধায় ছিলেন নির্বাচকরা।

বাড়তি ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন রিলি রুশো। ওকে হয়তো ইনিংস ওপেন করতে হবে যদি বিশ্বকাপের শুরুতেও কুইন্টন ডি কক ফিট হতে না পারে। আর অলরাউন্ডার হিসেবে ফারহান বেহারডিনের ব্যাটিং লাইনের সাত নম্বর জায়গাটি যেমন নিতে চাইবেন, তেমনি জেপি ডুমিনির সঙ্গে ভাগাভাগি করতে চাইবেন পঞ্চম বোলারের দায়িত্ব।

একাদশ নির্বাচনে এই জায়গায় বেশ দ্বিধার অবকাশ রয়েছে বলে আমার অনুমান। বেহারডিন ও ডুমিনিকে রেখে তাদের দিয়ে ১০ ওভার বোলিং করানো হবে? নাকি সেই ঝুঁকি কমানোর জন্য ব্যাটিং গভীরতা খানিকটা কমিয়ে সাত নম্বরে খেলানো হবে ওয়েইন পারনেলকে? উইকেটের উপর নির্ভর করে টিম ম্যানেজম্যান্ট এই সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই।

দুটি ভিন্ন কন্ডিশনের জন্য একটি অভিন্ন স্কোয়াড গঠন ছিল নির্বাচকদের কাছে বড় চ্যালেঞ্জের। নিউজিল্যান্ডে প্রোটিয়ারা খেলবে গ্রুপ পর্বের তিন ম্যাচ; সঙ্গে সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালও। সেখানকার উইকেট ঐতিহ্যগতভাবে অস্ট্রেলিয়ার তুমুল গতির ২২ গজের চেয়ে আলাদা। তুলনামূলক মন্থর এবং বলও খানিকটা নিচু হয়ে আসে। স্কোয়াড তৈরির সময় নির্বাচকদের মাথায় নিশ্চয়ই ব্যাপারটি ছিল। দুটি ব্যাপারে আমি খানিকটা উদ্বিগ্ন না হয়ে পারছি না। ডেথ বোলিংয়ের আদর্শ বোলার এবং রান তাড়া করায় আদর্শ ব্যাটসম্যানের অভাব। কোনো সন্দেহ নেই, টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ম্যাচ-উইনার তৈরি হয় অমন অবস্থাতেই। রাসেল ডোমিঙ্গো যথার্থই বলেছেন, এবারের বিশ্বকাপ ট্রফির দাবিদার পাঁচ-ছয়টি দল। হ্যাঁ, গ্রুপ পর্বে দুর্বল দলের কাছে হেরে আপসেটের শিকার হওয়ার আশঙ্কা সব দলের রয়েছে। তারপরও আমি মনে করি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা উঠবে কোয়ার্টার ফাইনালে। নকআউট পর্বে এই সবগুলো দলই নিজেদের দিনে অন্য যে কাউকে হারাতে পারে। তবে তুমুল চাপের টানা তিনটি নকআউট পর্বের ম্যাচ জয়ের সামর্থ্য সবার নেই। এই হিসেবে আমি বলব, প্রোটিয়াদের জন্য সবচেয়ে বড় হুমকি অস্ট্রেলিয়া ও ভারত। অতীতে এই দুটো দলই বড় ম্যাচে ভালো করার মানসিকতা দেখিয়েছে। ফলাফল ও দল নির্বাচনেও ধারাবাহিকতা রয়েছে তাদের। সর্বশেষ ছয়টি বিশ্বকাপেই শিরোপা জয়ের মতো দল কাগজ-কলমে অন্তত ছিল প্রোটিয়াদের। এবারও তাই। ভালো ফর্মে থেকে বিশ্বকাপে গেলে ভালো। তবে ট্রফি জয়ে সেটি আবশ্যিক না। এবারের দক্ষিণ আফ্রিকা দলটিও বিশ্বকাপে বহু দূর যাবে বলে আমার বিশ্বাস। - সৌজন্যে আইসিসি