গেইল তাণ্ডবে উইন্ডিজের জয়
ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউল্যান্ডসে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার কেপ টাউনে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ডোয়াইন স্মিথের সঙ্গে গেইলের ৬ ওভার ১ বল স্থায়ী ৭৮ রানের উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেট মারলন স্যামুয়েলসের সঙ্গে ৩৬ রানের আরেকটি জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান গেইল।
ইমরান তাহিরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেয়ার আগে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন গেইল। তার ৩১ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ।
এই ইনিংস খেলার পথে মাত্র ১৭ বলে অর্ধশতকে পৌঁছান গেইল। এটাই ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম অর্ধশতক। আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ১২ বলে ৫০ রানে পৌঁছে রেকর্ডটির মালিক ভারতের যুবরাজ সিং।
গেইল ছাড়াও ১৭ বলে অর্ধশতক রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লি ও নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গের।
গেইলের বিদায়ের পর স্যামুয়েলস, ডোয়াইন ব্র্যাভো, আন্দ্রে রাসেল, দিনেশ রামদিনের দ্রুত বিদায়ে চাপে পড়লেও ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় অতিথিরা।
দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার তাহির ৩ উইকেট নেন ২৮ রানে।
এর আগে ৩৩ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায়ে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তবে অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে ৪৬ ও ডেভিড মিলারের সঙ্গে ৪৮ রানের দুটি জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন রিলি রুশো।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ফারহান বেহারদিনের সঙ্গে ২২ বলে ৩৮ রানের আরেকটি জুটি উপহার দেন রুশো। ৫১ রানে অপরাজিত থাকা রুশোর ৪০ বলের ইনিংসটি সাজানো ৫টি চারে।
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল ৩৩ রানে নেন ২ উইকেট।
রোববার জোহানেসবার্গে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৪ (হেনড্রিকস ১২, ভ্যান উইক ১৭, দু প্লেসি ৩৮, রুশো ৫১*, মিলার ২৪, বেহারদিন ১৮*; কট্রেল ২/৩৩, হোল্ডার ১/২০, রাসেল ১/৪৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৬৮/৬ (স্মিথ ২০, গেইল ৭৭, স্যামুয়েলস ৪১, ব্র্যাভো ৮, পোলার্ড ৮*, রাসেল ৬, রামদিন ২, স্যামি ০*; তাহির ৩/২৮, পারনেল ২/৩৯, ওয়াইস ১/২০)
