২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাডম্যানের পাশে বসতে চান সাঙ্গাকারা

ওয়েলিংটন টেস্টে দারুণ এক দ্বিশতক করার পর টেস্ট ক্যারিয়ার কিছুটা দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই বাঁ-হাতি ব্যাটসম্যান জানান, অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়ারও ইচ্ছা আছে তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 01:05 AM

Updated : 22 Aug 2022, 11:24 AM

টেস্টে ১২টি দ্বিশতক আছে ব্র্যাডম্যানের। ১১টি দ্বিশতক পাওয়া সাঙ্গাকারার পরের লক্ষ্য রেকর্ডের পাতায় ব্র্যাডম্যানের পাশে বসা।

“ব্র্যাডম্যানের পাশে বসতে পারলে ভালোই লাগবে। তবে, এটা নির্ভর করছে বিশ্বকাপের পর সবকিছু কেমন যায়, তার ওপর। নিজের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা কি হবে, সেটা অনুমান করা খুব কঠিন।”

“তবে আরও কয়েক মাস টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া যায় কিনা- এ বিষয়টি নিয়ে ভেবে দেখার এবং কথা বলার প্রতিশ্রুতি আমি নির্বাচকদের দিয়েছি”, যোগ করেন তিনি।

আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়ার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন সাঙ্গাকারা। টেস্ট থেকেও শিগগিরই অবসরে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে জেমস নিশামের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দেয়ার আগে ২০৩ রান করেন সাঙ্গাকারা। ৩০৬ বলের এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৩টি ছক্কা।

১০২তম ওভারে নিশামের প্রথম বলে কাভার দিয়ে চার মেরে দ্বিশতক করেন সাঙ্গাকারা। ওই ওভারের শেষ বলেই আউট হন টেস্টে গত ১২ মাসে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান।