২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে শিরোপা লড়াইয়ে দোলেশ্বর

ডেভিড মালানের ব্যাটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডকে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো প্রাইম দোলেশ্বর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 05:38 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

মঙ্গলবার আবাহনীর বিপক্ষে পাওয়া প্রাইম দোলেশ্বরের জয়টি ৫ উইকেটে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশার কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি ৪৫ ওভারে নামিয়ে আনা হয়।

টস হেরে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আবাহনী। ৯ উইকেটে ২০১ রান করে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে।

প্রাইম দোলেশ্বরের পক্ষে ২টি করে উইকেট নেন মুক্তার আলী, ইলিয়াস সানি ও সাঞ্জামুল ইসলাম।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম দোলেশ্বরের। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা।

এরপর ইংল্যান্ডের মালানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত তার অপরাজিত ৮৭ রানের ইনিংসে ৪৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে জয় তুলে নেয় তারা।

১১২ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছয়ে সাজান ম্যাচ সেরার পুরস্কার জেতা মালান। ৪৩ বলে ৩৬ রান করে মালানের সঙ্গে অপরাজিত ছিলেন সানিও।

আবাহনীর পক্ষে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন আল-আমিন হোসেন।

এই জয়ের পর দুই রাউন্ড বাকি থাকতে শেষে ২০ পয়েন্ট প্রাইম দোলেশ্বরের। সমান ম্যাচে ২০ পয়েন্ট আবাহনীরও। আর ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক।