২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট থেকে ধোনির হঠাৎ অবসর

সিরিজ শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষা করলেন না মহেন্দ্র সিং ধোনি। মেলবোর্ন টেস্ট ড্রয়ে ভারতের সিরিজ হারের পরপরই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সবচেয়ে সফল অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 03:21 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

অস্ট্রেলিয়া সফরে সিডনিতে আগামী ৬ জানুয়ারি শুরু হতে যাওয়া শেষ টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।

ভারতের ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি।

মেলবোর্ন টেস্টে শেষ ইনিংসে ২৪ রানে অপরাজিত ছিলেন ৩৩ বছর বয়সী ধোনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এলেও অবসর নেওয়া সম্পর্কে কোনো কথা বলেননি তিনি। একটু পরেই ভারতের ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে তার অবসরের ঘোষণাটি আসে।

২০০৮ সাল থেকে ভারতকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি, যার ২৭টিতে দল জিতেছে। তার নেতৃত্বে জয়ের হার ৪৫ শতাংশ। এ দিক থেকে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনি। ধোনির নেতৃত্বে ১৫টি ম্যাচে ড্র করেছে ভারত, হেরেছে ১৮টি ম্যাচে।

২০০৫ সালে অভিষেক হওয়ার পর প্রায় ৩৮ গড়ে ৯০টি টেস্টে ৪ হাজার ৮৭৬ রান করেছেন ধোনি। ৩৩টি অর্ধশতক ও ৬টি শতক করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৩ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান ধোনির ক্যারিয়ার সর্বোচ্চ।

উইকেটরক্ষক হিসেবে ২৯৪টি ডিসমিসাল করেছেন তিনি, যা টেস্ট ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।

টেস্ট দলে ধোনির জায়গা নিয়ে কোনো সংশয় না থাকলেও ২০১৪ সালটা ভালো যায়নি তার। এ বছর ১৭ ইনিংসে মাত্র ৩৩ গড়ে রান তুলেছেন তিনি।

ধোনির নেতৃত্বে গত কয়েক বছরে বিদেশের মাটিতে খারাপ খেলেছে ভারত। ২০১১ সাল থেকে দেশের বাইরে ২২টি টেস্টের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে তারা; হেরেছে ১৩টিতে।

২০০৮ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানপুর টেস্টে ভারতকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। তখনকার অধিনায়ক অনিল কুম্বলে চোটে পড়ায় এ দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে কুম্বলে অবসরে গেলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে স্থায়ী অধিনায়ক হন ধোনি।

ধোনির নেতৃত্বেই ২০০৯ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ভারত। ২০১১ সালের ইংল্যান্ড সফর পর্যন্ত শীর্ষেই ছিল তারা।