অস্ত্রোপচারে ক্লার্কের বিশ্বকাপ শঙ্কা
ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে-এই ঝুঁকি নিয়েই চোট পাওয়া পায়ের পেশিতে অস্ত্রোপচার করাচ্ছেন মাইকেল ক্লার্ক।
মঙ্গলবার চোট পাওয়া পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) অস্ত্রোপচার করাবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানান অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পল ব্রুকনার।
অস্ত্রোপচারের পর সেরে উঠতে দেরি হলে হয়তো ওয়ানডে বিশ্বকাপে খেলা হবে না ক্লার্কের। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ২০১৫ সালের বিশ্বকাপ হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত।
অস্ত্রোপচারের পর ক্লার্ক আবার কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ব্রুকনার।
“সার্জনের উপদেশ আর সামনের দিনগুলোতে তার দ্রুত সেরে ওঠার ওপরেই খেলায় ফেরা নির্ভর করবে।”
শনিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করার সময় পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্লার্ক।
শেষ সেশনের নাটকীয়তায় ভারতকে ৪৮ রানে হারানো ম্যাচে চোটের কারণে শেষ পর্যন্ত আর মাঠে থাকতে পারেননি ক্লার্ক।
দলের ফিজিওর প্রাথমিক চিকিৎসায় মাঠ ছাড়ার পর ক্লার্কের পায়ের পেশির স্ক্যান করা হয়। যার রিপোর্ট ভালো নয় বলে ক্লার্ক নিজেই জানান। এমনকি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
