২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহর জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা দিতে হচ্ছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 08:58 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

শনিবার এক বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায়, একই ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে নিউ জিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে।

গত শুক্রবার শারজাহতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে চলার সময় ভিন্ন দুই ঘটনায় মিসবাহ ও মিলনেকে অভিযুক্ত করেন আম্পায়াররা। দুটি ঘটনাই ঘটে পাকিস্তানের ইনিংসে।

ম্যাট হেনরির করা ৩৭তম ওভারের পঞ্চম বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে আউট হন মিসবাহ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একারণেই তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।

টিভি রিপ্লেতে দেখা যায়, বাউন্সার বলটি তার কাঁধের উপর দিয়ে চলে যায়, কিন্তু উইকেটরক্ষক রনকির জোরালো আবেদনে সঙ্গে সঙ্গে সাড়া দেন আম্পায়ার। মিসবাহ রিভিউ নেন কিন্তু তৃতীয় আম্পায়ারও আউটের সিদ্ধান্তে অটল থাকেন।

আর ৪১তম ওভারের তৃতীয় বলে শহিদ আফ্রিদিকে ড্যানিয়েল ভেটোরির ক্যাচে পরিণত করার পর উদ্ধত ভঙ্গি করেন মিলনে। একারণে তাকে তিরস্কার করা হয়।

ম্যাচটি ৪ উইকেটে জিতে পাঁচ ওয়ানডের সিরিজে ১-১ সমতা আনে নিউ জিল্যান্ড।