পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা নিউ জিল্যান্ডের
ব্যাট হাতে কেন উইলিয়ামসনের দৃঢ়তায় পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে সমতা এনেছে নিউ জিল্যান্ড।
পাকিস্তানের দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শত রানের উদ্বোধনী জুটির পর দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অতিথিরা। তবে অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংস খেলে ৪ উইকেটের জয় এনে দেন উইলিয়ামসন।
শুক্রবার শারজাহতে তিন বল বাকি থাকতে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। চার ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ -এ সমতা আনে নিউ জিল্যান্ড।
উদ্বোধনী জুটিতে ডিন ব্রাউনলি আর অ্যান্টন ডেভসিচের দৃঢ়তায় বিনা উইকেটে ১০৩ রান করে নিউ জিল্যান্ড। ৪৭ রান করে ব্রাউনলি ফেরার পর ৫৮ রানে ফিরে যান ডেভসিচও। রস টেইলর আর টম ল্যাথামকেও দ্রুত বিদায় করে ম্যাচে ফিরে আসে পাকিস্তান।
এরপর ১০ রান করে কোরি অ্যান্ডারসনের বিদায়ে চাপেই পড়ে নিউ জিল্যান্ড। ৬৪ রানের মধ্যে পড়ে তাদের ৫ উইকেট।
তবে লুক রনকিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইলিয়ামস। ৩৬ রানে রনকি বিদায় নিলেও ড্যানিয়েল ভেটোরিকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
পাকিস্তানের বোলার হারিছ সোহেল ৪৮ রানে ৩ উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ইনিংসের শুরুতেই বিপদে পড়ে। ২০ রানে তারা হারায় আহমেদ শেহজাদ, ইউনিস খান ও আসাদ শফিককে। সেখান থেকে দলকে লড়াই করার মতো অবস্থায় নিয়ে যান মোহাম্মদ হাফিজ। হারিস সোহেলের (৩৩) সঙ্গে চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন এই অলরাউন্ডার।
৩৫তম ওভারে ৭৬ রান করা হাফিজকে আউট করার পর অধিনায়ক মিসবাহ-উল হককেও (৪৭) ফেরান ম্যাট হেনরি। এরপর আফ্রিদি ৩টি ছক্কা ও ১টি চারে ১৪ বলে ২৭ রান করলে আড়াইশ’ পার হয় স্বাগতিকদের সংগ্রহ।
নিউ জিল্যান্ডের সবচেয়ে সফল বোলার হেনরি ৪ উইকেট নেন ৪৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৮.৩ ওভারে ২৫২ (হাফিজ ৭৬, মিসবাহ ৪৭, সোহেল ৩৩, আফ্রিদি ২৭; হেনরি ৪/৪৫, ম্যাকলেনাহান ৩/৫৬, মিলনে ২/৫৩)।
নিউ জিল্যান্ড: ৪৬ ওভারে ২৫৫/৬ (উইলিয়ামসন ৭০*, ডেভসিচ ৫৮, ব্রাউনলি ৪৭, রনকি ৩৬; সোহেল ৩/৪৮, আফ্রিদি ২/৪৭)।
ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন
