২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের ব্যাটে ভিক্টোরিয়ার জয়

ইমরুল কায়েসের অর্ধশতকে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বিকেএসপির তিন নম্বর মাঠে কুয়াশার কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ব্রাদার্সকে ২৮ রানে হারিয়েছে ভিক্টোরিয়া।

পয়েন্ট তালিকায় চার থেকে সাতে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, লেজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টি ক্লাব লিমিটেড ও ভিক্টোরিয়ার পয়েন্ট সমান ১২।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রান করে ভিক্টোরিয়া।

মাহবুবুল করিমের (৩১) সঙ্গে জসিম উদ্দিনের (৩৪) ৫৭ রানের উদ্বোধনী জুটি ভিক্টোরিয়াকে ভালো সূচনা এনে দেয়।

ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে কোনো ভুল করেননি ইমরুল। ৭৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭২ রানের চমৎকার ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি।

ব্রাদার্সের আসিফ হাসান, ডেনলি জোসেফ লিয়াম ও আহমেদ সাদিকুর দুটি করে উইকেট নেন।

জবাবে ব্রাদার্স ৩৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে। আলোক স্বল্পতায় এরপর আর খেলা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৮ রানে জেতে ভিক্টোরিয়া।

অভিষেক মিত্রর (৫২) সঙ্গে ইয়াসির আলী চৌধুরীর (৬৫) ৮৮ রানের উদ্বোধনী জুটি ব্রাদার্সকে ভালো সূচনা এনে দিয়েছিল। তবে ষোড়শ ওভারে অভিষেকের বিদায়ে চমৎকার জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় লিগে নিজেদের ষষ্ঠ হার এড়াতে পারেনি ব্রাদার্স।

ভিক্টোরিয়ার আবু হায়দার ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।