২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কবলে শ্রীলঙ্কা-ইংল্যান্ডের ৫ম ওয়ানডে

বৃষ্টির কবলে পড়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওয়ানডের সিরিজের পঞ্চম ম্যাচ। তবে ‘রিজার্ভ ডে’ থাকায় ম্যাচটি পণ্ড হয়নি। বৃহস্পতিবার ম্যাচের বাকি অংশ হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 10:46 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামে। ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে কুমার সাঙ্গাকারার দৃঢ়তায় ২৩৯ রান করে স্বাগতিকরা।

প্রতিপক্ষকে আড়াইশর নিচে বেধে রাখতে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ৪৭ রানে ৬ উইকেট নেন।

প্রচণ্ড বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় ইংল্যান্ডের ইনিংস শুরু করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রিজার্ভ ডে-তে ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা, শূন্য রান করে ফিরে যান কৌশল পেরেরা। সাঙ্গাকারা প্রতিরোধ গড়লেও ৫ রানের ব্যবধানে আরো দুটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫৯/৩।

চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন সাঙ্গাকারা। অধিনায়ক ম্যাথিউস করেন ৪০ রান।

আর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁহাতি সাঙ্গাকারা। তার ১২৩ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো।

পরে আর কেউ ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে না পারায় এক ওভার আগেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।

প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাই সাত ওয়ানডের এই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এটাসহ বাকি সব ম্যাচই ইংলিশদের জিততে হবে।