২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইডে হিউসের দিন

ফিলিপ হিউসের ‘অপরাজিত ৬৩’ দিয়ে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। প্রয়াত এই টেস্ট ব্যাটসম্যানকে সম্মান জানাতে আর স্মরণ করতে ম্যাচটিতে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা বারবার ফিরিয়ে এনেছে তার জীবনের অসমাপ্ত শেষ ইনিংসটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 04:08 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

ঘরোয়া ক্রিকেটে হিউসের দল সাউথ অস্ট্রেলিয়ার মাঠ অ্যাডিলেইডে মঙ্গলবার অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরুর আগে সদ্য প্রয়াত এই ব্যাটসম্যানকে নানাভাবে স্মরণ করা হয়।

অস্ট্রেলিয়া ও ভারত, দুই দলের খেলোয়াড় আর কর্মকর্তারা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। হিউসকে নিয়ে একটি ভিডিওচিত্র দেখানোর সময় ধারাবর্ণনা দেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রিচি বেনো।

হিউসের জীবনের অসমাপ্ত শেষ ইনিংসটিকে স্মরণ করে এরপর দাঁড়িয়ে ৬৩ সেকেন্ড হাততালি দেয় মাঠে উপস্থিত সবাই।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস। অ্যাম্বুলেন্সে করে তাকে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন হিউস। তার ক্যারিয়ারের শেষ ইনিংস হয়ে থাকে বাউন্সারে লুটিয়ে পড়ার আগে সেই ম্যাচে করা অপরাজিত ৬৩ রান।

হিউসকে স্মরণ করেই তার সতীর্থ ও কাছের বন্ধু ডেভিড ওয়ার্নার ৬৩ রান করার পর ব্যাট তোলেন। শতরান করার পরও অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান হিউসকে স্মরণ করেন ওপরে তাকিয়ে আর ব্যাট তুলে।

ওয়ার্নারকে অনুসরণ করলেন স্টিভ স্মিথও। অর্ধশতক ও ৬৩ রান করার পর একই ভাবে তিনি স্মরণ করেন হিউসকে।

হিউসের জন্য ভালোবাসা আর আবেগের এই ম্যাচে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড় তাদের শার্টে ৪০৮ নম্বর নিয়ে খেলছেন। হিউস ছিলেন অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট খেলোয়াড়।

অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ই বাহুতে ‘পি এইচ’ লেখা কালো বন্ধনী নিয়ে খেলছেন। ভারতের ক্রিকেটাররাও খেলছেন শোকের কালো বন্ধনী বেধে।

অস্ট্রেলিয়া দলেও আছেন হিউস। এই টেস্টে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় তালিকায় ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে তার নাম লেখা হয়।