পাকিস্তানের বিশ্বকাপ দলে নিষিদ্ধ আজমল
বোলিংয়ে নিষিদ্ধ সাইদ আজমলকে বিশ্বকাপের জন্য দেয়া ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই অফস্পিনারের ১৫ সদস্যের চূড়ান্ত দলে থাকাটা বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ওপরই নির্ভর করবে।
পাকিস্তানের নির্বাচকরা শনিবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী ফেব্রুয়ারি-মার্চের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেন। জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
আজমলকে দলে রাখলেও তার বোলিং অ্যাকশন বিশ্লেষণের আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩০ সদস্যের দলে আছেন অলরাউন্ডার শোয়েব মালিক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল। এই দুজনই গত দেড় বছর ধরে ওয়ানডে দলের বাইরে আছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে আকমল এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে নবম রাউন্ড শেষে ৫৯.০৩ গড়ে রান তোলা আকমল তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর মালিক ৩৮৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১৮টি উইকেট।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ হবে বিশ্বকাপের একাদশ আসর। অ্যাডিলেইডে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের প্রাথমিক দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, শারজিল খান, সামি আসলাম, মিসবাহ-উল-হক, ইউনুস খান, আসাদ শফিক, আজহার আলি, শোয়েব মাকসুদ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, বিলওয়াল ভাট্টি, সরফরাজ আহমেদ, কামরান আকমল, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, উমর গুল, এহসান আদিল, মোহাম্মদ তালহা, আনোয়ার আলি, সোহেল তানভির, সাইদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, ইয়াসির শাহ।
