অস্ট্রেলিয়া দলে মার্শ
ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য শন মার্শকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
আগামী মঙ্গলবার অ্যাডিলেইডে শুরু হবে ম্যাচটি। চোট থেকে অধিনায়ক মাইকেল ক্লার্কের সুস্থ হয়ে ওঠা নিশ্চিত না হওয়ায় বাঁহাতি ব্যাটসম্যান মার্শকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকেরা।
পায়ের পেশির চোটে অনেক দিন ধরেই ভুগছেন ক্লার্ক। তারপরও অবশ্য দলে আছেন তিনি।
অস্ট্রেলিয়া-ভারতের সিরিজ আসলে শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকেই। কিন্তু বলের আঘাতে ফিলিপ হিউসের মৃত্যু সব ওলট-পালট করে দেয়। দলের সবাইকে সতীর্থ হারানোর বেদনা কাটিয়ে ওঠার সময় দিতেই রদবদল করা হয় সূচি।
গত বুধবার নিউ সাউথ ওয়েলসের শহর ম্যাকসভিলে হিউসকে চিরবিদায় জানায় তার স্বজন এবং সতীর্থরা।
হিউসের করুণ মৃত্যুর পর শুক্রবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, শন মার্শ, ব্র্যাড হ্যাডিন, নাথান লিয়ন, জস হ্যাজলউড, মিচেল জনসন, পিটার সিডল, রায়ান হ্যারিস।
