গিলক্রিস্টকে ছাড়িয়ে সাঙ্গাকারা
অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন এই উইকেটরক্ষকেরই।
২৮৭ ম্যাচে গিলক্রিস্টের ডিসমিসাল ৪৭২টি। ৪১৭টি ক্যাচের সঙ্গে ৫৫টি স্টাম্পিংও রয়েছে তার। তাকে ছাড়িয়ে যাওয়া সাঙ্গাকারার ৩৮৬ ম্যাচে ডিসমিসাল ৪৭৪টি। ৩৮২টি ক্যাচের সঙ্গে ৯২টি স্টাম্পিং করেন তিনি।
বুধবার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নেন সাঙ্গাকারা।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জেতা ইংল্যান্ডের ইনিংসে দুটি ক্যাচ গ্লাভসবন্দি করেন সাঙ্গাকারা।
ধাম্মিকা প্রাসাদের বলে অ্যালেস্টার কুকের ক্যাচ ধরে বিপজ্জনক হয়ে উঠা ৮৪ রানের জুটি ভাঙায় অবদান রাখেন সাঙ্গাকারা। আর এই ক্যাচটিই ওয়ানডে ডিসমিসালের শীর্ষে নিয়ে আসা তাকে।
এরপর রঙ্গনা হেরাথের বলে রবি বোপারার ভালো একটি ক্যাচ ধরেন সাঙ্গাকারা। তবে দলকে জয় এনে দিতে তার এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
এর আগে ব্যাটিংয়েও দলকে পথ দেখান সাঙ্গাকারা। সর্বোচ্চ ৬৩ রান আসে এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। এই রান করার পথে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করার অনন্য কৃতিত্ব দেখান তিনি।
