২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নেই বাংলাদেশের আম্পায়ার

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান আর তামিম ইকবালরা আগামী বিশ্বকাপে বাংলাদেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবেন। তবে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে থাকছেন না বাংলাদেশের কোনো আম্পায়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 09:17 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

আগামী বিশ্বকাপ পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের ২৫ সদস্যের নাম ঘোষণা করেছে আইসিসি। তাদের ঘোষণা করা পাঁচ জন ম্যাচ রেফারি আর ২০ জন আম্পায়ারর মধ্যে বাংলাদেশের কেউ নেই।

২০ জন আম্পায়ারের মধ্যে ১২ জন নেয়া হয়েছে এলিট প্যানেল থেকে। বাকি ৮ আম্পায়ার নির্বাচন করা হয়েছে ইন্টারন্যাশনাল প্যানেল থেকে।

২৫ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আছে ৬ জন করে। এরপর সবচেয়ে বেশি ৫ জন নেয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে। এ ছাড়া নিউ জিল্যান্ডের আছে ৩ জন, দক্ষিণ আফ্রিকার দুজন আর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ভারতের আছেন এক জন করে।

২৫ জনের মধ্যে অস্ট্রেলিয়ার ডেভিড বুন ও পল রেইফেল এবং শ্রীলঙ্কার রোশন মাহানামা ও কুমার ধর্মসেনার আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা।

১৯৮৭ বিশ্বকাপ জয়ী বুন ও ১৯৯৬ বিশ্বকাপ জয়ী লঙ্কান ব্যাটসম্যান মাহানামা ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। বাকি তিন ম্যাচ রেফারি ক্রিস ব্রড, জেফ ক্রো ও রঞ্জন মাধুগালে।

আর ১৯৯৬ বিশ্বকাপ জয়ী আরেক লঙ্কান অলরাউন্ডার ধর্মসেনা ও অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ বিশ্বকাপ জয়ী রেইফেল মাঠে থাকবেন আম্পায়ার হিসেবে।

আগামী বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হবে ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপ।

এলিট প্যানেলের আম্পায়ারা হলেন আলিম দার, বিলি বাউডেন, ব্রুস অক্সেনফোর্ড, ইয়ান গোল্ড, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, নাইজেল লং, পল রেইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, রড টাকার ও স্টিভ ডেভিস।

ইন্টারন্যাশনাল প্যানেল থেকে বিশ্বকাপ পরিচলানা করার জন্য সুযোগ পান ইয়োহান ক্লোয়েট, সাইমন ফ্রাই, ক্রিস জ্যাফানি, মাইকেল গফ, রানমোর মার্টিনেস, রুচিরা পালিয়াগুরু, এস রবি ও জোয়েল উইলসন।