২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড, উইন্ডিজের আরো কাছে বাংলাদেশ

জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমাল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই দুই ক্রিকেট পরাশক্তির চেয়ে এখন মাত্র ২১ রেটিং পয়েন্ট পিছিয়ে আছে মাশরাফি বিন মুর্তজার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 04:16 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে ছিল তারা।

৫-০ ব্যবধানে সিরিজ জিতে জিম্বাবুয়ের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ২২ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৫। সপ্তম স্থানে থাকা নিউ জিল্যান্ড ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের উভয়ের রেটিং পয়েন্ট ৯৬।

৫৩ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ে।

টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতির পর ওয়ানডেতে ওপরে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশ্বকাপে সরাসরি খেলতে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে টেস্ট দলগুলোর মধ্যে অন্তত আট নম্বরে থাকতে হবে বাংলাদেশকে।

২০১৭ সালে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতায় কোনো বাছাই পর্ব নেই, সরাসরি খেলবে ওয়ানডের সেরা আট দল।

২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অন্তত ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। কারণ সেরা আটটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে।

ইংল্যান্ডে হতে যাওয়া সেই প্রতিযোগিতায় খেলতে নয় ও ১০ নম্বরে থাকা টেস্ট মর্যাদার দেশ দুটিকে সহযোগী সদস্যগুলোর সঙ্গে বাছাই পর্বে খেলতে হবে। ২০১৮ সালে বাংলাদেশেই হবে সেই বাছাই পর্ব। নিজেদের মাটিতে সেই প্রতিযোগিতা এড়াতে চাইলে ওয়ানডেতে আরেকটু উন্নতি করতেই হবে বাংলাদেশকে।

এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ১১৭ রেটিং পয়েন্ট তাদের। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১২।

১০৯ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৫। আর ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এরপরই আছে পাকিস্তান।