হিউসের জন্য বাউন্সার ছাড়া দিন
ফিলিপ হিউসকে শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় কোনো বাউন্সার দেননি নিউ জিল্যান্ডের বোলাররা। এমনকি উইকেট পেয়ে উদযাপনও করেননি তারা।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষে হিউসকে শ্রদ্ধা জানানোর বিষয়টি বলেন নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন।
“শ্রদ্ধা দেখানোর জন্য আমরা কোনো বাউন্সার করিনি।”
দুই দলের খেলোয়াড়দের এক মিনিটের নীরবতা পালন করা দিয়ে শুরু হয় শারজাহ টেস্টের দ্বিতীয় দিন। এরপর বোলার, ফিল্ডার আর ব্যাটসম্যানরাও তাদের সহজাত উল্লাস দেখাননি।
শারজাহ টেস্ট শুরু হয়েছিল বুধবার। তবে বৃহস্পতিবার হিউসের মারা যাওয়ার দিন দ্বিতীয় দিনের খেলা বন্ধ রাখে দুই দল। শুক্রবার আবার মাঠে নামে তারা।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।
অ্যাম্বুলেন্সে করে তাকে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ব্রুকনার হিউসের মৃত্যুর কথা জানান। মাথায় অস্ত্রোপচারের পর আর চেতনা ফিরে পাননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
