লড়াই করেও প্রাইম ব্যাংকের কাছে ব্রাদার্সের হার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে ব্রাদার্স ইউনিয়ন। তাদেরকে ১৪ রানে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।
শনিবার সাভারের বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে প্রাইম ব্যাংক। ৫৭ রানে প্রথম উইকেট হারায় তারা।
এরপর একটা ধাক্কা খায় প্রাইম ব্যাংকের ইনিংস। ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। ১ উইকেটে ৯১ থেকে ৩ উইকেটে ৯৪ রান হয়ে যায় প্রাইম ব্যাংক।
দলকে অবশ্য বড় রকমের বিপদে পড়তে দেননি দিলশান মুনাবিরা, নুরুল হাসান ও ফরহাদ রেজা।
মুনাবিরা ও ফরহাদের অর্ধশতক আর নুরুলের ৪০ রানের ইনিংসের কল্যাণেই ৯ উইকেটে লড়াই করার মতো ২৩৭ রান তুলতে পারে প্রাইম ব্যাংক।
মুনাবিরা ৭৪ বলে ৫৩ আর ফরহাদ ৪৬ বলে অপরাজিত ৫১ রান করেন।
ব্রাদার্সের মিলিন্দা শ্রীবর্ধানা ৩টি এবং আসিফ হাসান ও আহমেদ সাদিকুর ২টি করে উইকেট নেন।
মোটামুটি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরও তাদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিল নাজমুস সাদাতের ব্যাট।
নাজমুস ১০২ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৯১ রান করলেও পরের ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি।
৪৪.২ ওভারে দলকে ২০২ রানে রেখে নাজমুস আউট হওয়ার পরও অবশ্য ব্রাদার্সের আশা বাঁচিয়ে রেখেছিলেন শাহাজাদা হোসেন। তবে ১১ বলে ২০ রান করে তিনি পরাজয়ের ব্যবধান কমাতে পারলেও ব্রাদার্সকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।
প্রাইম ব্যাংকের পক্ষে ৩টি উইকেট নেন ফোরকান। আর ২টি করে উইকেট নেন তাপস বৈশ্য, ফরহাদ ও এনামুল হক জুনিয়র।
