‘ঠিক পথেই আছে বাংলাদেশের ক্রিকেট’
প্রায় এক দশক ধরে বাংলাদেশের ক্রিকেটকে কাছ থেকে দেখছেন ব্রেন্ডন টেইলর। খেলেছেন ঘরোয়া ক্রিকেটেও। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করছেন, সঠিক পথেই আছে বাংলাদেশের ক্রিকেট।
২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। টেস্টে ১৪ বছরে ৮৭ ম্যাচ খেলে ৬টিতে জেতে বাংলাদেশ; ড্র করে ১১টি ম্যাচ আর হারে ৭০টিতে।
বাংলাদেশের কাছে হারা জিম্বাবুয়ের চার টেস্টেই দলে ছিলেন টেইলর। ২০০৫ সালে বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে দলে ছিলেন টেইলর। আর অন্য তিনটিতে দলের নেতৃত্বে ছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে টেইলর বলেন, “বাংলাদেশকে অভিনন্দন। আমি মনে করি, বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করেছে।”
চলতি বছর ভালো না খেলা বাংলাদেশকে বরাবরই সমীহ করার মতো দল হিসেবেই দেখেন টেইলর।
“বাংলাদেশ তরুণদের একটি দল। দলে প্রতিভার কোনো কমতি নেই। ওদের খেলা দেখা রোমাঞ্চকর একটি ব্যাপার।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে টেইলরের।
“বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে। বাংলাদেশে সব সময়ই নতুন খেলোয়াড় উঠে আসছে। আমি নিশ্চিত, সামনের ১৪ বছর তাদের জন্য আরো রোমাঞ্চকর হতে যাচ্ছে।
ঢাকা ও খুলনায় জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে জিতে প্রথমবারের মতো টানা তিন টেস্টে জয়ের স্বাদ পেতে চায় স্বাগতিকরা।
