২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ের বৃত্তেই অস্ট্রেলিয়া

পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারেনি অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে দুটি টেস্ট হেরে আসার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:44 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

বুধবার অ্যাডিলেইড ওভালে ৬ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টির হিসেবে শুরুটা ভালোই হয় অস্ট্রেলিয়ার। ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে তারা। এরপরই অবশ্য দিক হারিয়ে ফেলে স্বাগতিকদের ইনিংস।

পঞ্চম ওভারের প্রথম বলে অ্যারন ফিঞ্চের আউট দিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার পতন। ২টি চারে ১১ বলে ১৪ রান করে রায়ান ম্যাকলারেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১ উইকেট ৪২ থেকে ৪ উইকেটে ৬৭ রান হয়ে যায় অস্ট্রেলিয়া। ফিরে যান ক্যামেরন হোয়াইট (২৪), বেন ডাঙ্ক (২) ও নাথান রিয়ারডন (৪)।

চোট কাটিয়ে ফেরা শেন ওয়াটসন ও জেমস ফকনারের কল্যাণে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ করতে পারে অস্ট্রেলিয়া।

কাইল অ্যাবটের বলে জেপি ডুমিনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৬ বলে ৩টি ছয়ে ৪৭ রান করেন ওয়াটসন। একটি ছয় ও একটি চারে ৩৩ বলে অপরাজিত ৪১ রান করেন ফকনার।

দক্ষিণ আফ্রিকার অ্যাবট ২১ রানে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন ওয়েইন পারনেল, ম্যাকলারেন ও ইমরান তাহির। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কোনো রান করা করে রিজা হেনড্রিকসের ফিরে যাওয়ার ধাক্কা সামলে দলকে জয়ের দিকে নিয়ে যান রিলি রুশো ও কুইন্টন ডি কক। ৫০ বলে ৭৮ রান করেন ম্যাচসেরা রুশো। ইনিংসটি তিনি সাজান ৭টি চার ও ৩টি ছয়ে। ডি কক ৩৯ বলে ৪৬ রান করেন ৪টি চার ও একটি ছয়ের সাহায্যে। দলের ১২৯ রানের রুশো ও ডি কক ফিরে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ডুমিনি (৬) ও ডেভিড মিলার (৯)। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন ডগ বোলিঞ্জার, প্যাট কামিন্স ও ক্যামেরন বয়েস।