২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরার লড়াইয়ে সাঙ্গা, ম্যাথিউস, জনসন, ডি ভিলিয়ার্স

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এ পর্যন্ত কারো মাথায় দু’বার মুকুট ওঠেনি। এবারের চার জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন আগে এ পুরস্কার জেতা মিচেল জনসন ও কুমার সাঙ্গাকারা। নতুন দুজন এবি ডি ভিলিয়ার্স ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

স্যার গ্যারফিল্ড সোবার্সের নামে দেয়া বর্ষসেরা ক্রিকেটারের ট্রফির জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার প্রকাশ করে। মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

২০০৯ সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জনসন এই সময়ের মধ্যে ৮টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেন।

টেস্টে এই সময়ে ১৫.২৩ গড়ে ৫৯টি উইকেট নেন তিনি। এর মধ্যে আছে দুবার ইনিংসে ৫ উইকেট শিকারের ঘটনা এবং একবার ম্যাচে ১০ উইকেট শিকার।

জনসন এই সময়ের মধ্যে ১৬টি ওয়ানডেতে ৩৩.০৪ গড়ে নেন ২১টি উইকেট। আর এই ম্যাচগুলোতে তার রান খরচও ওভার প্রতি ৫-এর নীচে।

২০১২ সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা শ্রীলঙ্কার ব্যাটসম্যান সাঙ্গাকারার এই সময়ের পারফরম্যান্সও ছিল অসাধারণ। ১১ টেস্টে ১ হাজার ৫০২ রান করে এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭৫-এর চেয়ে বেশি গড়ে এই রান তোলার পথে সাঙ্গাকারা ৪টি শতক ও ৯টি অর্ধশতক করেন।

ওয়ানডে ক্রিকেটেও সমান তালে চলেছে সাঙ্গাকারার ব্যাট। ২৬ ম্যাচে ৪২-এর চেয়ে একটু কম গড়ে ১ হাজার ৪৬ রান করেন তিনি। রয়েছে ৩টি শতক ও ৭টি অর্ধশতক।

সাঙ্গাকারার শ্রীলঙ্কা দলের সতীর্থ ম্যাথিউস এক বছরে টেস্টে অভাবনীয় ব্যাট করেন। ৯২.২৮ গড়ে ১ হাজার ২৯২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক। এই সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাথিউস। প্রায় ৫৪ গড়ে ২৮ ওয়ানডেতে ৯৬৫ রানও করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ৫৪.৮ গড়ে ১০ টেস্টে করেন ৯৩২ রান। আর ২০টি ওয়ানডেতে ৬০-এর বেশি গড়ে ৯৬৩ রান তার।

ম্যাথিউস বা ডি ভিলিয়ার্স জিতলে ১১ বছরে ভিন্ন ১২ জন বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতবেন। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ যৌথভাবে এই পুরস্কার জেতেন।