২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ সাকিব

তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির পর প্রথম ঘণ্টায় জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানকে বিদায় করে সুবিধাজনক জায়গায় পৌছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কয়েকটি ক্যাচ ছাড়ায় আর শেষ সেশনে কোনো উইকেট না পাওয়ায় খুলনা টেস্ট ড্রয়ের দিকেই যাচ্ছে বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 07:01 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব বলেন, “দুই দল একই অবস্থানে রয়েছে। ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, টেস্ট ড্রয়ের দিকে এগুচ্ছে।”

দিনের প্রথম দুই ওভারে ১৫ ও ১৯ রানে দুবার স্লিপে শামসুর রহমানের হাতে জীবন পান হ্যামিল্টন মাসাকাদজা। দিন শেষে ১৫৪ রানে অপরাজিত রয়েছেন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় শতক পাওয়া এই ব্যাটসম্যান। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় হতাশ সাকিব।

“এমন পিচে ‘হাফ চান্স’ কাজে লাগাতে হয়। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, এর মাশুল দিতে হচ্ছে আমাদের।”

বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। অতিথিরা ১০২ রানে পিছিয়ে থাকায় এখনও জয়ের ক্ষীণ একটা সম্ভাবনা দেখছেন তিন উইকেট নেয়া সাকিব। তবে তিনি মনে করেন, বাংলাদেশের জয় অনেক যদির ওপর নির্ভর করছে।

“কাল চেষ্টা করতে হবে এক ঘণ্টার মধ্য ওদের পাঁচ উইকেট নেয়ার। এই উইকেটে এটা খুব কঠিন। সঙ্গে আমাদের ভালো ব্যাট করতে হবে, তাড়াতাড়ি রান তুলতে হবে। তারপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে। সবগুলো কাজই কঠিন, তবে অসম্ভব নয়।”

মধ্যাহ্ন-বিরতির পর ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করে বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছিলেন সাকিব। কিন্তু এরপরই রেগিস চাকাবভার সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১৪২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মাসাকাদজা।

“এক সেশনে তিন উইকেট নেয়া খুব কঠিন কাজ। আমার মনে হয়, শেষ সেশনে আমরা ভালো বল ও ফিল্ডিং করতে পারিনি। আমরা যদি সেই সেশনে দুটি উইকেট নিতে পারতাম তাহলে পুরো দিনটা আমাদের হতো।”

খুলনার পিচে স্পিনারদের জন্য আরেকটু সহায়তা আশা করেছিলেন জানিয়ে সাকিব বলেন, “খুব একটা সহায়তা হয়তো এখানে নাই, তারপরও আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে আমরা আরো ভালো অবস্থানে থাকতাম।”