২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের পিছিয়ে রাখছে না জিম্বাবুয়ে

খুলনা টেস্টের প্রথম দিনে কেউ এগিয়ে নেই বলে মনে করেন এল্টন চিগুম্বুরা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার মনে করেন, বাংলাদেশকে চাপে রাখতে পেরেছেন বোলাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 08:34 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান।

দিনের খেলা শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা চিগুম্বুরা বলেন, “আমরার মনে হয়, কোনো দলই এগিয়ে নেই। আমরা তিন উইকেট নিয়েছি, তবে বাংলাদেশকেও বেশি রান করতে দেইনি। এটা দুই দলের জন্যই একটা ভালো দিন।”

শামসুর রহমান, মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদকেই কেবল প্রথম দিন ফেরাতে পেরেছে জিম্বাবুয়ে। তবে ওভারপ্রতি মাত্র দুই রান করে দেয়ায় বোলারদের প্রশংসাই করলেন চিগুম্বুরা।

“আজকে আমরা চাপ তৈরি করেছি। এই উইকেটে ব্যাটসম্যানদের কয়েকবার পরাস্ত করাও দারুণ একটি ব্যাপার। ওভার প্রতি দুই রানে বেধে রাখতে পেরেছি, এটাও খুব ভালো একটি ব্যাপার।”

২৫০ বল খেলে ৭৪ রানে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল। এই উদ্বোধনী ব্যাটসম্যাদের ব্যাটিং মোটেও অবাক করেনি জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়ককে।

“প্রথম টেস্টে তামিম ভালো করতে পারেনি। তাই আজ সে বেশি সতর্ক ছিল। কখন তুমি হয়তো রান পাবে না, তোমাকে নিজের কমফোর্ট জোনের বাইরে খেলতে হবে। আজ সে তাই করেছে।”

মিরপুর টেস্টে ভালো করতে না পারায় অফস্পিনার জন নিউম্বু ও সেই টেস্টে অভিষিক্ত লেগস্পিনার টাফাজওয়া কামুনগোজিকে বাদ দেয় জিম্বাবুয়ে। অভিষেক হয় লেগস্পিনার নাটসাই মুশাংওয়ের। মঙ্গলবার দলের স্পিনারদের জন্য বড় একটি পরীক্ষা হবে বলে মনে করেন চিগুম্বুরা।

“যখনই মুশাংওয়ে এসেছে, বল অনেক ঘুরেছে। কাল আমাদের স্পিনারদের জন্য অনেক বড় একটি দিন হবে। তারা যদি সঠিক জায়গায় বল করতে পারে তাহলে বেশি উইকেট পাবে।”

সোমবার জিম্বাবুয়ের স্পিনাররা কোনো উইকেট পাননি। দুটি উইকেট নেন টিনাশে পানিয়াঙ্গারা অন্যটি চিগুম্বুরা।